মৌলভীবাজারে মাজার মসজিদে যুবকের ইসলাম গ্রহণ, নতুন নাম মোয়াজ
মৌলভীবাজার শহরের ঐতিহ্যবাহী হযরত সৈয়দ শাহ মোস্তফা বোগদাদী (র.)-এর মাজার মসজিদে এক যুবক সনাতন ধর্ম ত্যাগ করে পবিত্র ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। আজ রোববার (১৭ মে) বাদ আসর মাজার মসজিদে স্থানীয় ওলামায়ে কেরাম ও ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিতিতে তিনি আনুষ্ঠানিকভাবে কলেমা পাঠ করেন। ইসলাম গ্রহণের পর তাঁর নতুন নাম রাখা হয়েছে 'নুরুল ইসলাম মোয়াজ'।
জানা গেছে, স্বেচ্ছায় ও সজ্ঞানে ইসলাম ধর্ম গ্রহণের লক্ষ্যে ওই যুবক প্রথমে আইনি প্রক্রিয়া সম্পন্ন করেন। গত ১৪ মে (বৃহস্পতিবার) মৌলভীবাজার জজ কোর্টের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) মো. ইজাজুল ইসলাম তানভীরের মাধ্যমে তিনি আদালতে এফিডেভিট (হলফনামা) দাখিল করেন।
আজ বিকেলে হযরত মাওলানা শাহ আলাউদ্দিন ফারুকীর উপস্থিতিতে তিনি পবিত্র কলেমা পাঠ করে ইসলাম ধর্মে দীক্ষিত হন।
পবিত্র এই মুহূর্তটির সাক্ষী হতে শাহ মোস্তফা দরগাহ জামে মসজিদের খতিব, ইমাম ও মোয়াজ্জিনসহ বিভিন্ন শ্রেণি-পেশার শত শত মানুষ উপস্থিত ছিলেন। ইসলাম গ্রহণ শেষে নবমুসলিম এই যুবকের জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত শেষে উপস্থিত স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মুসল্লিরা তাঁকে ফুলের শুভেচ্ছা জানান এবং তাঁর আগামী দিনের ইসলামী জীবনযাত্রায় সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
এদিকে আঞ্জুমানে গাউছিয়া ফারুকীয়া ট্রাস্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে তারা জানায়, নবমুসলিম এই যুবকের জন্য বিশেষ ধর্মীয় শিক্ষা ও পবিত্র কুরআন তিলাওয়াত শেখার ব্যবস্থা করা হবে। ট্রাস্টের পক্ষ থেকে ইসলামের মৌলিক বিষয়গুলো সহজে শেখানোর জন্য সব ধরনের দায়িত্ব নেওয়া হয়েছে।
ডি আর ডি
মন্তব্য করুন: