মাধবপুরে ৪৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় অভিযান চালিয়ে ৪৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯। মঙ্গলবার (১৯ মে) দিবাগত রাতে উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের ঢাকা-সিলেট মহাসড়কের সুরমা চা বাগান গেইট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন— চুনারুঘাট উপজেলার চাঁনপুর চা বাগানের ফান্ড মুন্ডার ছেলে উত্তম মুন্ডা (২৯) এবং মৃত কার্তিক কুরমীর ছেলে দিলীপ কুরমী (৩৫)।
বুধবার (২০ মে) দুপুরে র্যাব-৯-এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল সুরমা চা বাগান গেইট সংলগ্ন যাত্রী ছাউনির পাশে অভিযান চালায়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে উত্তম ও দিলীপকে আটক করা হয়। পরে তাদের সাথে থাকা তিনটি লাল রঙের প্লাস্টিকের বস্তা তল্লাশি করে স্কচটেপে মোড়ানো ৪৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছে যে তারা সীমান্তবর্তী এলাকা থেকে এই গাঁজা সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে সেখানে অবস্থান করছিল। এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের পর উদ্ধারকৃত আলামতসহ গ্রেপ্তারকৃতদের মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
এ রহমান
মন্তব্য করুন: