মাধবপুরে চিকিৎসক ও জনবল সংকটে চিকিৎসাসেবা ব্যাহত
Led Bottom Ad

ছাতিয়াইন উপস্বাস্থ্য কেন্দ্র

মাধবপুরে চিকিৎসক ও জনবল সংকটে চিকিৎসাসেবা ব্যাহত

নিজস্ব প্রতিনিধি, মাধবপুর

২১/০৫/২০২৬ ১১:৪৮:১৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রে দীর্ঘদিন ধরে এমবিবিএস চিকিৎসক না থাকায় স্থানীয় সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা গুরুতরভাবে ব্যাহত হচ্ছে। প্রয়োজনীয় জনবল ও তীব্র চিকিৎসক সংকটের কারণে প্রতিদিন চিকিৎসা নিতে আসা শতাধিক রোগী চরম দুর্ভোগের শিকার হচ্ছেন এবং দরিদ্র ও গ্রামীণ জনগোষ্ঠীর মানুষ ন্যূনতম প্রাথমিক চিকিৎসা থেকেও বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, উপস্বাস্থ্য কেন্দ্রটিতে বর্তমানে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার হিসেবে জাহিদুল ইসলাম কর্মরত থাকলেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাকে প্রতি সপ্তাহে সোম ও মঙ্গলবার মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালন করতে হয়; ফলে সপ্তাহের ওই দুই দিন ছাতিয়াইন উপস্বাস্থ্য কেন্দ্রে কার্যত চিকিৎসাসেবা পুরোপুরি বন্ধ থাকে এবং দূরদূরান্ত থেকে আসা রোগীরা চিকিৎসক না পেয়ে হতাশ হয়ে বাড়ি ফিরে যান। শুধু চিকিৎসকই নয়, দীর্ঘ প্রায় ৩০ বছর ধরে এই উপস্বাস্থ্য কেন্দ্রটিতে ফার্মাসিস্টের গুরুত্বপূর্ণ পদটি শূন্য রয়েছে; কয়েক মাস আগে পার্শ্ববর্তী নোয়াপাড়া ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রের অফিস সহায়ক রেজাউল করিমকে ডেপুটেশনে এনে এখানে ফার্মাসিস্টের দায়িত্ব দেওয়া হলেও চলতি বছরের ১ মে থেকে তাকেও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডিসপেনসারিতে বদলি করায় ওষুধ বিতরণ কার্যক্রমে তীব্র অচলাবস্থার সৃষ্টি হয়েছে। এ বিষয়ে রেজাউল করিম জানান, দেড় মাসের জন্য অফিসিয়ালি তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্ব দেওয়া হয়েছে, তাই এখন ছাতিয়াইনে নিয়মিত দায়িত্ব পালন করতে পারছেন না। অন্যদিকে পরিবার কল্যাণ পরিদর্শিকা (এফডব্লিউভি) পদটিও প্রায় ছয় বছর ধরে শূন্য থাকায় মাতৃস্বাস্থ্য, পরিবার পরিকল্পনা এবং গর্ভবতী নারীদের জরুরি স্বাস্থ্যসেবা কার্যক্রম বন্ধের উপক্রম হয়েছে। স্থানীয়দের অভিযোগ, ছাতিয়াইন উপস্বাস্থ্য কেন্দ্রটি বর্তমানে নামমাত্র চালু রয়েছে এবং ছাতিয়াইন গ্রামের বাসিন্দা হেমন্ত পাল জানান, উপজেলা সদর অনেক দূরে হওয়ায় দরিদ্র মানুষদের সেখানে গিয়ে চিকিৎসা নেওয়া কষ্টকর, তাই এখানে একজন এমবিবিএস ডাক্তার থাকলে আশপাশের কয়েকটি গ্রামের মানুষ সহজে চিকিৎসাসেবা পেত। মাধবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইমরুল হাসান জানান, উপস্বাস্থ্য কেন্দ্রে জনবল সংকটের বিষয়টি ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং একজন ফার্মাসিস্ট হজ পালনের জন্য ছুটিতে থাকায় সাময়িকভাবে রেজাউল করিমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছে।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad