হবিগঞ্জে ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার
হবিগঞ্জ সদর উপজেলার রিচি ইউনিয়নের দুর্লভপুর গ্রামে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত যুবক বিজয় মিয়াকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ। বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় শিশুটি হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২১ মে) বিকেলে শিশুটি বাড়ির পাশে খেলাধুলা করার সময় নির্যাতনের শিকার হয়। শিশুটির বাবা মধ্যপ্রাচ্যপ্রবাসী হওয়ায় সে মায়ের সঙ্গে বাড়িতেই থাকত। ঘটনার পর শিশুটির শারীরিক ও আচরণগত পরিবর্তন দেখে পরিবারের সদস্যদের সন্দেহ হয়। পরে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।
অভিযোগ উঠেছে, ঘটনাটি জানাজানি হওয়ার পর অভিযুক্ত বিজয় মিয়াকে রক্ষা করতে স্থানীয় একটি প্রভাবশালী মহল মাঠে নামে। তারা বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা ও ধামাচাপা দেওয়ার জন্য ভুক্তভোগী পরিবারটিকে নানাভাবে চাপ প্রয়োগ করে। তবে পরিবারের অনড় অবস্থান এবং পুলিশের তাৎক্ষণিক পদক্ষেপে সেই চেষ্টা ব্যর্থ হয়।
খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানা-পুলিশ বৃহস্পতিবার রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত বিজয় মিয়াকে গ্রেপ্তার করে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক প্রথম সিলেটকে বলেন, শিশুটিকে নির্যাতনের খবর পাওয়ার পরপরই পুলিশ হাসপাতালে গিয়ে তথ্য সংগ্রহ করেছে এবং অভিযুক্ত বিজয় মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া অনুসরণ করে আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।
এদিকে প্রবাসীর শিশু সন্তানের ওপর এমন নির্যাতনের ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন মহল এই ঘটনার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
স্বপন রবি দাশ / ডি আর ডি
মন্তব্য করুন: