মাধবপুরে কোটি টাকার ভারতীয় জিরা জব্দ
হবিগঞ্জের মাধবপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পৃথক দুটি সফল অভিযান পরিচালনা করে অবৈধভাবে পাচার করে আনা প্রায় এক কোটি টাকা মূল্যের ভারতীয় জিরা উদ্ধার করেছে।
হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) গোপন সূত্রে জানতে পারে যে, একটি সংঘবদ্ধ চোরাকারবারি চক্র সিলেট তামাবিল ল্যান্ড কাস্টমস কর্তৃপক্ষ কর্তৃক প্রদানকৃত কাস্টমস কাগজ জালিয়াতি করে বিপুল পরিমাণ ভারতীয় জিরা পাচার করছে। এই সুনির্দিষ্ট সংবাদের ভিত্তিতে বিজিবির একটি চৌকস দল গত শুক্রবার (২২ মে) মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় বিশেষ চেকপোস্ট বসিয়ে অভিযান চালায়; এ সময় সন্দেহভাজন বালু ভর্তি একটি ড্রাম ট্রাক আটক করে তার ভেতরে তল্লাশি চালালে বালুর নিচে সুকৌশলে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় জিরা উদ্ধার করা হয়। তাছাড়া একই দিন বিজিবির সদস্যরা ওই একই এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে একটি সন্দেহভাজন কাভার্ড ভ্যান তল্লাশি করে বিপুল পরিমাণ ভারতীয় জিরা জব্দ করতে সক্ষম হয়। বিজিবি সূত্রে জানা গেছে, জালিয়াতি ও চোরাচালানের মাধ্যমে নিয়ে আসা এই আটককৃত জিরার আনুমানিক বাজারমূল্য প্রায় এক কোটি টাকা এবং এগুলোকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া ও আনুষ্ঠানিকতা সম্পন্ন করে কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া সচল রয়েছে।
রাজীব দেব রায় রাজু/এআর
মন্তব্য করুন: