মুচলেকা অমান্য করে মৌলভীবাজারে একদিন আগেই ঈদুল আজহা উদযাপন

মুচলেকা অমান্য করে মৌলভীবাজারে একদিন আগেই ঈদুল আজহা উদযাপন

কামরান আহমদ, মৌলভীবাজার

২৭/০৫/২০২৬ ১৯:৩৮:৩১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সারাদেশে রাষ্ট্রীয় সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা উদযাপনের প্রস্তুতি চললেও, মৌলভীবাজারে প্রশাসনের কাছে দেওয়া লিখিত অঙ্গীকারনামা (মুচলেকা) অমান্য করে আজ বুধবার একদিন আগেই ঈদুল আজহা উদযাপিত হয়েছে। সৌদি আরবের সঙ্গে মিল রেখে আজ বুধবার (২৭ মে) সকালে মৌলভীবাজার শহরের সার্কিট হাউস এলাকায় এই ঈদের জামাত অনুষ্ঠিত হয়।


খোঁজ নিয়ে জানা গেছে, এর আগে রাষ্ট্রীয়ভাবে নির্ধারিত তারিখের বাইরে গিয়ে বিচ্ছিন্নভাবে রোজা পালন ও ঈদের জামাত আয়োজন না করার শর্তে ১০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে প্রশাসনকে একটি লিখিত মুচলেকা দিয়েছিলেন মাওলানা আবদুল মাওফিক চৌধুরী। ওই মুচলেকায় বিশেষভাবে উল্লেখ ছিল, তিনি ভবিষ্যতে রাষ্ট্রের নির্ধারিত তারিখের বিপরীতে গিয়ে কোনো ধরনের ধর্মীয় জামাত কায়েম করবেন না।


তবে প্রশাসনের কাছে দেওয়া সেই অঙ্গীকারনামা উপেক্ষা করেই আজ বুধবার সকাল সাতটায় মৌলভীবাজার শহরের সার্কিট হাউস এলাকায় ঈদের জামাতের আয়োজন করা হয়। এতে ইমামতি করেন খোদ মুচলেকা প্রদানকারী মাওলানা আবদুল মাওফিক চৌধুরী নিজেই।


এই ঈদের জামাতে জেলার বিভিন্ন স্থান থেকে আসা শতাধিক নারী ও পুরুষ অংশ নেন। রাষ্ট্রীয় নিয়মের বাইরে গিয়ে একদিন আগেই নামাজ আদায় করতে সকাল থেকেই প্রত্যন্ত অঞ্চল থেকে মুসল্লিরা সার্কিট হাউস এলাকায় জড়ো হতে থাকেন। নামাজ শেষে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। নামাজ শেষে অংশ নেওয়া মুসল্লিরা যাঁর যাঁর সামর্থ্য অনুযায়ী পশু কোরবানি দেন।


এদিকে প্রশাসনের কাছে লিখিত অঙ্গীকারনামা দেওয়ার পরও এভাবে প্রকাশ্যে রাষ্ট্রীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে জামাত আহ্বান এবং তাতে ইমামতি করার ঘটনায় স্থানীয় সচেতন মহলে ক্ষোভ ও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকের মতে, মুচলেকা ভঙ্গ করে এই ধরনের আয়োজন প্রশাসন ও বিদ্যমান আইনকে এক প্রকার বৃদ্ধাঙ্গুলি দেখানোর শামিল।


এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে পরবর্তী সময়ে কী পদক্ষেপ নেওয়া হয়, এখন সেটাই দেখার বিষয়।

মীর্জা ইকবাল

মন্তব্য করুন: