জিয়াউর রহমান ছিলেন দেশপ্রেমিক রাষ্ট্রপতি: এমপি সৈয়দ মোঃ ফয়সল

জিয়াউর রহমান ছিলেন দেশপ্রেমিক রাষ্ট্রপতি: এমপি সৈয়দ মোঃ ফয়সল

নিজস্ব প্রতিনিধি, মাধবপুর

৩০/০৫/২০২৬ ২৩:৪৭:৫৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মোঃ ফয়সল বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন দেশপ্রেমিক রাষ্ট্রনায়ক। তিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন। তাঁর আহ্বানে দেশের আপামর জনগণ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এবং স্বাধীনতা অর্জনের সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।


শনিবার বিকেলে মাধবপুর উপজেলা পরিষদ মিলনায়তনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপি আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


সৈয়দ মোঃ ফয়সল বলেন, রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনকালে জিয়াউর রহমান দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে বহু গুরুত্বপূর্ণ কর্মসূচি গ্রহণ করেছিলেন। খাল খনন কর্মসূচি, পল্লী উন্নয়ন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর অবদান আজও স্মরণীয় হয়ে আছে। তিনি বলেন, জিয়াউর রহমান দেশের রাজনৈতিক অঙ্গনে গণতন্ত্রের চর্চা পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন এবং জনগণের মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে কাজ করেছিলেন।


তিনি আরও বলেন, দীর্ঘ ৪৫ বছর ধরে তিনি হবিগঞ্জে বিএনপিকে শক্তিশালী করতে কাজ করে যাচ্ছেন। বিগত ১৭ বছরে বিএনপির নেতাকর্মীদের ওপর নানা ধরনের হামলা-মামলা ও নির্যাতন চালানো হয়েছে। কিন্তু এসব বাধা সত্ত্বেও দলের নেতাকর্মীরা সংগঠনকে সুসংগঠিত রাখতে নিরলসভাবে কাজ করেছেন।


সংসদ সদস্য ফয়সল বলেন, দলের নেতাকর্মীরাই সংগঠনের প্রাণশক্তি। সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মাধবপুর ও চুনারুঘাট উপজেলার উন্নয়নই আমাদের মূল লক্ষ্য। জনগণের কল্যাণে সরকারি বরাদ্দ যথাযথভাবে ব্যবহার নিশ্চিত করতে হবে। তিনি বলেন, দলে সকলের অধিকার সমান এবং দলকে শক্তিশালী করতে তৃণমূল নেতাকর্মীদের সম্পৃক্ততা অপরিহার্য।


অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামালের সভাপতিত্বে এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন রনির পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সৈয়দ মো. শাহজাহান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামদু, সাবেক মেয়র হাবিবুর রহমান মানিক, ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক চৌধুরী ফজলে ইমাম সুমন,  মোস্তফা কামাল বাবুল, ইউপি চেয়ারম্যান মীর খুর্শিদ আলম, সাবেক ইউপি চেয়ারম্যান সামসুল ইসলাম মামুন, সহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


এর আগে দুপুরে এমপি সৈয়দ মোঃ ফয়সল চুনারুঘাট উপজেলার ৭নং উবাহাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম আব্দুস সোবহান চেয়ারম্যানের কবর জিয়ারত করেন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন। এ সময় তার সায়হাম কটন মিলসের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার সৈয়দ ইশতিয়াক আহমেদ সহ 

চুনারুঘাট ও মাধবপুর উপজেলার বিএনপি এবং সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।




রাজীব দেব রায় রাজু /ডি আর ডি

মন্তব্য করুন: