হবিগঞ্জে এসএসসি পরীক্ষার্থীকে ‘ধর্ষণের পর হত্যা’র অভিযোগ

হবিগঞ্জে এসএসসি পরীক্ষার্থীকে ‘ধর্ষণের পর হত্যা’র অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ

০১/০৬/২০২৬ ২১:৩৯:০৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জে এক এসএসসি পরীক্ষার্থীর রহস্যজনক মৃত্যুকে ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবারের অভিযোগ, বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের পর শারীরিক নির্যাতন চালিয়ে তাকে হত্যা করা হয়েছে। নিহত নদী দাস (১৬) আজমিরীগঞ্জ উপজেলার বদলপুর এলাকার অজিত দাসের মেয়ে। তিনি এবার বানিয়াচংয়ে নানার বাড়ি থেকে এসএসসি পরীক্ষা দিয়েছিলেন।


পারিবারিক সূত্রে জানা গেছে, বানিয়াচং উপজেলার সুনারু গ্রামের আইনজীবী সহকারী দিলিপ দাসের সঙ্গে নদীর প্রেমের সম্পর্ক ছিল। কিছুদিন আগে অপ্রাপ্তবয়স্ক হওয়ায় ইসকন মন্দির কর্তৃপক্ষ তাদের বিয়ে দিতে অস্বীকৃতি জানায়।


পরিবারের দাবি, গত রোববার (৩১ মে) সকালে নদীকে আবারও বাড়ি থেকে ডেকে নিয়ে যান দিলিপ। ওইদিনই রাত ৮টার দিকে হবিগঞ্জ শহরের বাণিজ্যিক এলাকার একটি সড়ক থেকে তাকে অচেতন ও রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে স্বজনরা। উদ্ধারের সময় নদীর নাক ও মুখ দিয়ে রক্ত ঝরছিল বলে জানান তারা।


আশঙ্কাজনক অবস্থায় নদীকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হলে আজ সোমবার (১ জুন) ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আমিনুল ইসলাম সরকার প্রথম সিলেটকে জানান, "প্রাথমিকভাবে ভুক্তভোগীর শরীরে ধর্ষণের আলামত পাওয়া গেছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন আসার পর মৃত্যুর প্রকৃত কারণ বিস্তারিত জানা যাবে।"


বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজমুল হক প্রথম সিলেটকে বলেন, "ঘটনাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। এটি ধর্ষণ, আত্মহত্যা নাকি অন্য কোনো ঘটনা—সব দিক মাথায় রেখেই পুলিশ কাজ করছে। তদন্ত সাপেক্ষে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"


এদিকে নদীর এই নির্মম ও অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে পুরো এলাকায় তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অভিযুক্ত দিলিপ দাসের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

স্বপন রবি দাশ / ডি আর ডি

মন্তব্য করুন: