চুনারুঘাটে মাদকের দাপটে শঙ্কায় সচেতন মহল

চুনারুঘাটে মাদকের দাপটে শঙ্কায় সচেতন মহল

নিজস্ব প্রতিনিধি, চুনারুঘাট

০৯/০৬/২০২৬ ১৬:২৭:২৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রাজার বাজার এলাকায় প্রকাশ্যে চলছে মাদকের রমরমা ব্যবসা ও সেবন। স্থানীয় ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এবং পরিত্যক্ত একটি সরকারি ভবনের পেছনে দিন-রাত সমানতালে মাদক বিক্রি হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এতে এলাকার কিশোর ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে চরম উদ্বিগ্ন হয়ে পড়েছেন অভিভাবক ও সচেতন মহল।


স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাজার বাজার ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে প্রকাশ্যেই ইয়াবা, বাংলা মদ ও গাঁজা কেনাবেচা এবং সেবন করা হয়। এ ছাড়া বাজারের ভেতর প্রাচীরঘেরা পরিত্যক্ত আখ গবেষণা ইনস্টিটিউট ভবনের পেছনেও মাদকের আসর বসে। স্থানীয় কয়েকজন প্রভাবশালী যুবকের মদদে এই কারবার চলায় মাদকসেবীদের সংখ্যা দিন দিন বাড়ছে।


এলাকাবাসীর ভাষ্যমতে, রাজার বাজার এলাকাটি বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান সমৃদ্ধ। এভাবে প্রকাশ্যে মাদক বিক্রি ও সেবন চলতে থাকলে শিক্ষার্থীরা ভয়াবহ ঝুঁকির মুখে পড়বে। দ্রুত এই চক্রকে দমন করা না গেলে এলাকার সামাজিক পরিবেশ রক্ষা করা কঠিন হয়ে পড়বে বলে মনে করেন তারা। মাদক নির্মূলে স্থানীয়রা প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন।


এ বিষয়ে জানতে চাইলে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান নিয়মিত চলছে। রাজার বাজার এলাকায় মাদক নির্মূলে পুলিশি তৎপরতা আরও জোরদার করা হবে।”

তানজুমা তাবাসসুম

মন্তব্য করুন: