কুরাসাও–ইকুয়েডর: ঘুরে দাঁড়ানোর লড়াই

কুরাসাও–ইকুয়েডর: ঘুরে দাঁড়ানোর লড়াই

প্রথম ডেস্ক

২০/০৬/২০২৬ ১৯:৩৫:৩৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে দ্বিতীয় ম্যাচে নামছে কুরাসাও। বিশ্বকাপের অভিষেক ম্যাচে জার্মানির বিপক্ষে ৭–১ গোলের বড় ব্যবধানে হারলেও, সেই ম্যাচেই ইতিহাস গড়ে প্রথমবারের মতো বিশ্বকাপে গোল করার স্বাদ পেয়েছে দলটি। মিডফিল্ডার লিভানো কোমেনেনসিয়া করেন সেই স্মরণীয় গোল, যা এখন দলটির আত্মবিশ্বাসের বড় ভিত্তি।

আগামীকাল রোববার সকাল ৬টায় গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে ইকুয়েডরের মুখোমুখি হবে ‘ব্লু ওয়েভ’ খ্যাত কুরাসাও। অভিজ্ঞ কোচ ডিক অ্যাডভোকেটের অধীনে দলটি এই ম্যাচে নামছে সম্পূর্ণ ফিট স্কোয়াড নিয়ে। প্রথম ম্যাচে নজর কাড়া কোমেনেনসিয়া আবারও শুরুর একাদশে থাকছেন বলেই ধারণা করা হচ্ছে। আক্রমণভাগে ভরসা হিসেবে থাকবেন জুনিও ব্যাকুনা ও অধিনায়ক লিয়েনড্রো ব্যাকুনা, যারা জাতীয় দলের হয়ে যথাক্রমে ১৪ ও ১৬টি গোল করেছেন।

মাঝমাঠে সৃজনশীলতা ও গতি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন তাহিত চং। ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক এই ফরোয়ার্ডকে মূলত দুই স্ট্রাইকার লোকাদিয়া ও হ্যানসেনের পেছনে খেলানোর পরিকল্পনা রয়েছে, যা আক্রমণে নতুন মাত্রা যোগ করতে পারে। এই কৌশলগত পরিবর্তনের কারণে ব্র্যান্ডলি কুয়াসকে হয়তো শুরুতে বেঞ্চে দেখা যেতে পারে।

রক্ষণভাগে শেরেল ফ্লোরানুস, রিশেডলি বাজোয়ের, আরমান্ডো ওবিস্পো এবং ডেভেরন ফনভিল দায়িত্ব পালন করবেন, আর গোলপোস্টের নিচে থাকবেন অভিজ্ঞ গোলরক্ষক এলোয় রুম।

অন্যদিকে, প্রথম ম্যাচে আইভরি কোস্টের কাছে ১–০ ব্যবধানে হেরে ইকুয়েডরও এখন চাপে আছে। ফলে এই ম্যাচটি দুই দলের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্রের ক্যানসাস সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত এই লড়াইকে তাই ঘিরে তৈরি হয়েছে ‘অলিখিত ফাইনাল’-এর আবহ। নকআউট পর্বে টিকে থাকতে কুরাসাও যেমন চায় প্রথম পয়েন্ট, তেমনি ইকুয়েডরও চাইছে ঘুরে দাঁড়ানোর সুযোগ।

সজল আহমেদ

মন্তব্য করুন: