ইতিহাস বলছে, বিশ্বকাপ জিতবে ব্রাজিল!
স্বপ্নের মতো এক বিশ্বকাপ কাটাচ্ছেন ভিনিসিউস জুনিয়র। টুর্নামেন্টে দলের প্রথম তিন ম্যাচের সবগুলোতেই গোলের দেখা পেয়েছেন রিয়াল মাদ্রিদ তারকা। বুধবার (২৫ জুন) ভোরে স্কটল্যান্ডের বিপক্ষে দুই গোল করে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ব্রাজিলের হয়ে বিশ্বকাপের ৩ গ্রুপ ম্যাচে গোল করার রেকর্ড গড়েছেন তিনি।
অনন্য এই রেকর্ড গড়ে বিশ্বখ্যাত তারকাদের পাশে জায়গা করে নিয়েছেন ভিনিসিউস জুনিয়র। বিশ্বকাপের সবগুলো আসরে অংশ নেওয়া ব্রাজিলের হয়ে গ্রুপ পর্বের প্রথম ৩ ম্যাচে গোলের রেকর্ড আছে কেবল চারজনের। ১৯৭০ সালে জাইরজিনহো, ১৯৯৪ সালে রোমারিও ও ২০০২ সালে রোনালদো-রিভালদো জুটি এই রেকর্ড গড়েন। পঞ্চম খেলোয়াড় হিসেবে এই তালিকায় যুক্ত হলেন ভিনি।
পরপর ৩ ম্যাচে ভিনির এই গোল আরও একটি পরিসংখ্যানকে সামনে এনেছে, যে পরিসংখ্যান কিছুটা হলেও স্বস্তির বার্তা দেবে ব্রাজিলিয়ান সমর্থকদের।
ইতিহাস বলছে, গ্রুপ পর্বের তিন ম্যাচে ব্রাজিলিয়ান কোনো খেলোয়াড় গোল করলে বিশ্বকাপ জেতে ব্রাজিল। ১৯৭০ সালে জাইরজিনহো, ১৯৯৪ সালে রোমারিও গ্রুপ পর্বের তিন ম্যাচে গোল করার পর বিশ্বকাপ উঁচিয়ে ধরেছেন। ২০০২ সালে সেই ইতিহাসেরই পুনরাবৃত্তি করেন রোনালদো ও রিভালদো।
যদি ইতিহাসের এই ধারা অব্যাহত থাকে, তবে এবার ভিনিসিউসের ব্রাজিলও জিততে পারে শিরোপা। তবে সেটা করতে হলে এখনও কঠিন পরীক্ষা দিতে হবে সেলেসাওদের। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে গ্রুপ পর্ব পার করলেও পরের রাউন্ড থেকেই চ্যালেঞ্জিং সময় শুরু হতে যাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের।
মীর্জা ইকবাল
মন্তব্য করুন: