জর্ডানের বিপক্ষে বিশ্রামে মেসি
শেষ ম্যাচে রদবদলের ইঙ্গিত
গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচ জিতে আগেভাগেই শেষ ৩২ নিশ্চিত করেছে আর্জেন্টিনা। অস্ট্রিয়ার বিপক্ষে ২-০ গোলের জয়ে গ্রুপ ‘জে’-এর শীর্ষস্থানও নিশ্চিত হয়ে যাওয়ায় জর্ডানের বিপক্ষে শেষ ম্যাচটি এখন বিশ্বচ্যাম্পিয়নদের জন্য শুধু আনুষ্ঠানিকতা নয়, বরং নকআউটের আগে স্কোয়াডের গভীরতা যাচাইয়ের গুরুত্বপূর্ণ মঞ্চ।
আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, শনিবারের ম্যাচে একাদশে বড় ধরনের পরিবর্তন আনতে পারেন কোচ লিওনেল স্কালোনি। কানসাসে মঙ্গলবারের অনুশীলনেও মিলেছে সেই ইঙ্গিত। অস্ট্রিয়ার বিপক্ষে শুরুর একাদশে থাকা ফুটবলাররা এদিন মাঠের অনুশীলনে না নেমে জিমে পুনরুদ্ধারমূলক কার্যক্রমে অংশ নেন। অন্যদিকে যারা কম সময় খেলেছেন কিংবা এখনো সুযোগ পাননি, তাদের নিয়ে আলাদা সেশন পরিচালনা করা হয়।
এ অবস্থায় জর্ডানের বিপক্ষে শুরুর একাদশে দেখা যেতে পারে হুলিয়ান আলভারেজ, নিকোলাস গঞ্জালেস, লিয়ান্দ্রো পারেদেস, নিকোলাস তাগলিয়াফিকো ও নিকোলাস ওতামেন্দির মতো ফুটবলারদের।
অস্ট্রিয়া ম্যাচের পর সংবাদ সম্মেলনেও স্কালোনি রদবদলের ইঙ্গিত দিয়েছেন। তার ভাষায়, পয়েন্ট টেবিলের অবস্থান এখন আর আর্জেন্টিনার ওপর বাড়তি চাপ তৈরি করছে না। প্রথম লক্ষ্য ছিল প্রথম দুই ম্যাচ জিতে নেওয়া, সেটি পূরণ হয়েছে। এখন পরিস্থিতি বিশ্লেষণ করে যারা সুযোগ পাওয়ার যোগ্য, তাদের মাঠে নামানোর বিষয়টি বিবেচনা করা হবে।
তবে সবচেয়ে বড় আলোচনা ঘিরে আছেন লিওনেল মেসি। বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা আর্জেন্টাইন অধিনায়ক সাধারণত বিশ্রাম নিতে অনাগ্রহী হলেও, সামনে নকআউটের গুরুত্বপূর্ণ ম্যাচ থাকায় তাকে ঝুঁকির বাইরে রাখতে চাইছে টিম ম্যানেজমেন্ট। মেসি না খেললে তার জায়গায় সুযোগ পেতে পারেন তরুণ নিকোলাস পাজ। একইভাবে, অনুশীলনে হালকা মেজাজে দেখা যাওয়া রদ্রিগো দি পলকেও বিশ্রামে রাখা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে অস্ট্রিয়ার বিপক্ষে হাঁটুতে চোট পাওয়া ডিফেন্ডার ক্রিস্তিয়ান রোমেরোকে নিয়ে কিছুটা শঙ্কা রয়েছে। তার চোটের মাত্রা নির্ধারণে পরীক্ষা-নিরীক্ষা করা হবে। জর্ডানের বিপক্ষে তাকে না দেখার সম্ভাবনাই বেশি। গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজও বিশ্রাম পেতে পারেন। সেক্ষেত্রে আর্জেন্টিনার গোলবারের নিচে দেখা যেতে পারে জেরোনিমো রুলিকে।
সব মিলিয়ে, জর্ডানের বিপক্ষে ম্যাচটি আর্জেন্টিনার জন্য শুধুই নিয়মরক্ষার নয়; বরং নকআউটের আগে বেঞ্চের শক্তি, বিকল্প পরিকল্পনা এবং স্কোয়াডের প্রস্তুতি যাচাইয়ের এক গুরুত্বপূর্ণ পরীক্ষা।
জর্ডানের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ:
এমিলিয়ানো মার্তিনেজ/জেরোনিমো রুলি; গঞ্জালো মন্টিয়েল, নিকোলাস ওতামেন্দি, মার্কোস সেনেসি, নিকোলাস তাগলিয়াফিকো; এজেকুয়েল পালাসিওস, লিয়ান্দ্রো পারেদেস, ভ্যালেন্টিন বার্কো; লিওনেল মেসি/নিকোলাস পাজ, হুলিয়ান আলভারেজ ও নিকোলাস গঞ্জালেস।
সজল আহমেদ / প্রীতম দাস
মন্তব্য করুন: