সুনামগঞ্জে শিশু শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
সুনামগঞ্জ সদর উপজেলায় শিশু শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে সাইফুল হক (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৬ জুলাই) সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের সাদেকপুর (বুড়িস্থল) এলাকায় অভিযুক্তের নিজ বাড়িতে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
গ্রেপ্তারকৃত সাইফুল হক ওই এলাকার সমরু মিয়া ও হাজারা বেগমের ছেলে। তার স্থায়ী ঠিকানা পৌর শহরের নতুন হাসননগর এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শিশুটিকে কৌশলে নিজের বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করে সাইফুল। এ সময় শিশুটির চিৎকারে স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে হাতেনাতে সাইফুলকে আটক করে গণধোলাই দেয়।
খবর পেয়ে সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ (পিপিএম) তাৎক্ষণিকভাবে এসআই অর্জনের নেতৃত্বে একটি মোবাইল টিম ঘটনাস্থলে পাঠান। পুলিশ দ্রুত পৌঁছে আহত অবস্থায় অভিযুক্তকে নিজেদের জিম্মায় নেয় এবং ভুক্তভোগী শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠায়। বর্তমানে শিশুটি সেখানে চিকিৎসাধীন রয়েছে।
পুলিশ সূত্রে আরও জানা যায়, গণধোলাইয়ে আহত আসামি সাইফুলকে প্রথমে পুলিশ হেফাজতে হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসা শেষে তাকে থানা হেফাজতে রাখা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ (পিপিএম) জানান, সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে আসামিকে গ্রেপ্তার করে এবং ভুক্তভোগীকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চালাচ্ছেন। ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আসামির বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আর আর / প্রীতম দাস
মন্তব্য করুন: