জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ছাত্র জমিয়তের কর্মসূচি ঘোষণা
গণঅভ্যুত্থান-২৪ স্মরণে ফ্যাসিবাদবিরোধী পদযাত্রার কর্মসূচি ঘোষণা করেছে ছাত্র জমিয়ত বাংলাদেশ।
আগামী ৭ আগস্ট (শুক্রবার) বাদ জুমা রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট থেকে এ পদযাত্রা অনুষ্ঠিত হবে।
সংগঠনের পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গণঅভ্যুত্থান-২৪-এর চেতনা সমুন্নত রাখা এবং ফ্যাসিবাদবিরোধী জনমতকে আরও সুসংহত করার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
এতে সংগঠনের কেন্দ্রীয় ও বিভিন্ন স্তরের নেতাকর্মী, সমর্থক এবং সর্বস্তরের শিক্ষার্থী ও সচেতন নাগরিকদের অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।
ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাআদ বিন জাকির বলেন, দেশের সার্বভৌমত্ব, গণতান্ত্রিক অধিকার ও জনগণের মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় সচেতনতা তৈরির লক্ষ্যেই এ কর্মসূচি। আমরা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে কর্মসূচি সফল করতে সবাইকে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি।
সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রিদওয়ান মাযহারী বলেন, ‘গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে একটি ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে তরুণদের ঐক্যবদ্ধ ভূমিকা প্রয়োজন। সেই প্রত্যাশা থেকেই আমরা শান্তিপূর্ণ ফ্যাসিবাদবিরোধী পদযাত্রার আয়োজন করেছি।’
ছাত্র জমিয়তের মিডিয়া সেল ও প্রচার বিভাগ আরও জানায়, কর্মসূচিটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে বাস্তবায়নে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে এবং এতে সর্বস্তরের শিক্ষার্থী ও সচেতন নাগরিকদের অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।
রত্না বাউরী
মন্তব্য করুন: