পরিবেশ অধিদপ্তরের অভিযান : টাঙ্গুয়ার হাওরে ৮ নৌকাকে জরিমানা
জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, সুনামগঞ্জের যৌথ উদ্যোগে আজ বৃহস্পতিবার (13 আগষ্ট) প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) টাঙ্গুয়ার হাওরে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০)-এর ৫ ধারা লঙ্ঘন করে টাঙ্গুয়ার হাওরের সংরক্ষিত এলাকায় অবৈধভাবে প্রবেশ ও পরিবেশ দূষণের অপরাধে ৮টি ইঞ্জিনচালিত নৌকার বিরুদ্ধে ৮টি মামলা দায়ের করা হয়। এসব মামলায় মোট ৭ হাজার ৫৫০ টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়।
মোবাইল কোর্টে নেতৃত্ব দেন জেলা প্রশাসন, সুনামগঞ্জের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাব্বির হোসেন শাওন। অভিযানে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, সুনামগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক মো. সাইফুল ইসলাম। মোবাইল কোর্ট পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন তাহিরপুর থানা পুলিশের সদস্যরা।
অভিযানকালে পরিবেশ অধিদপ্তর, সুনামগঞ্জ জেলা কার্যালয়ের পক্ষ থেকে টাঙ্গুয়ার হাওর ভ্রমণকারী হাউজবোট ও পর্যটকদের মধ্যে পরিবেশ সংরক্ষণ ও জীববৈচিত্র্য রক্ষায় সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। পর্যটকদের টাঙ্গুয়ার হাওরের সংরক্ষিত এলাকা, জলজ ও স্থলজ জীববৈচিত্র্য এবং পরিবেশের ওপর বিরূপ প্রভাব সৃষ্টি করে—এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।
পরিবেশ অধিদপ্তর, সুনামগঞ্জ জেলার সহকারী পরিচালক মো. মোহাইমিনুল হক বলেন, টাঙ্গুয়ার হাওর দেশের অন্যতম গুরুত্বপূর্ণ জলাভূমি ও রামসার সাইট। এ হাওরের জীববৈচিত্র্য, জলজ পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বিশেষ করে পর্যটক ও পর্যটনসংশ্লিষ্ট নৌযান পরিচালনাকারীদের পরিবেশ সংরক্ষণে বিদ্যমান আইন ও বিধিনিষেধ মেনে চলতে হবে।
তিনি আরও বলেন, টাঙ্গুয়ার হাওর ইসিএ এলাকার পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় পরিবেশ অধিদপ্তরের অভিযান ও তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে। সংরক্ষিত এলাকায় অবৈধভাবে প্রবেশ, পরিবেশ দূষণ এবং জীববৈচিত্র্যের ক্ষতি হয়—এমন কোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে পর্যটক ও স্থানীয় জনগণের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচার-প্রচারণা ও সচেতনতামূলক কার্যক্রম আরও জোরদার করা হবে।
শামসুল আলম আখঞ্জী/ নীরব চাকলাদার
মন্তব্য করুন: