হবিগঞ্জে সরকারি কর্মচারীকে আটকে রেখে মারধর

হবিগঞ্জে সরকারি কর্মচারীকে আটকে রেখে মারধর

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ

১৬/০৮/২০২৬ ১৪:৩৬:৪৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের চুনারুঘাটে এক নারী সরকারি কর্মচারী ও তার শিশুসন্তানকে বাড়িতে আটকে রেখে মারধর করার অভিযোগ উঠেছে। শনিবার (১৫ আগস্ট) সকালে উপজেলার দ্বিমাগুরুন্ডা গ্রামে এই ঘটনা ঘটে। পরে খবর পেয়ে চুনারুঘাট থানা-পুলিশ তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

আহত ওই নারী কর্মচারীর নাম জুনু আক্তার। তিনি চুনারুঘাট উপজেলা প্রশাসনের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত। হামলায় তার শিশুসন্তান সামিয়া আক্তার ও বৃদ্ধ মা-ও আহত হয়েছেন।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, চুনারুঘাট পৌর শহরের ‘মা স্যানিটারি সাপ্লাই’ নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিকানা নিয়ে জুনু আক্তারের স্বামীর সঙ্গে তার ভাইদের দীর্ঘদিনের বিরোধ ছিল। এর জের ধরে গতকাল সকালে জুনু আক্তারের ভাসুর সেলিম মিয়া ও পরিবারের অন্য সদস্যরা মিলে জুনু আক্তার, তার মা ও শিশুকে ঘরের ভেতর আটকে রাখেন। একপর্যায়ে তাদের ওপর দেশি অস্ত্র নিয়ে হামলা চালানো হয় এবং মারধর করা হয়। জুনু আক্তারের দাবি, হামলাকারীরা তার গলার চেইন ও কানের দুল ছিনিয়ে নিয়েছে।

ঘটনাটি চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানতে পারলে তিনি তাৎক্ষণিকভাবে পুলিশ পাঠান। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অবরুদ্ধ অবস্থা থেকে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন জুনু আক্তার বলেন, ‘ব্যবসা নিয়ে বিরোধের জেরে পরিকল্পিতভাবে আমাদের ওপর হামলা চালানো হয়েছে। শিশু বাচ্চাকেও তারা রেহাই দেয়নি।’

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘ঘটনাটি জানার পরপরই পুলিশ পাঠিয়ে তাদের উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। লিখিত অভিযোগ পেলে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

নীরব চাকলাদার/ ডিডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad