জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম হাফিজ এহসানুলকে সুনামগঞ্জে সংবর্ধনা
শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনাল বাংলাদেশ আয়োজিত ‘জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা-২০২৬’-এ ১ম স্থান অর্জন এবং পুরস্কার হিসেবে পবিত্র উমরাহ লাভের গৌরব অর্জন করায় হাফিজ এহসানুল হক পারভেজকে জমকালো সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার (২৪ আগস্ট) বেলা ২টায় সুনামগঞ্জের ষোলঘর পয়েন্ট সংলগ্ন তাহফিজুল কুরআন ইন্টারন্যাশনাল মাদরাসা কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট আলেম হজরত মাওলানা আব্দুর রকিব বিশ্বম্ভরপুরী। হাফেজ মেরাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে মাদরাসার শিক্ষক, আমন্ত্রিত অতিথি ও অভিভাবকবৃন্দ বক্তব্য রাখেন।
সভাপতির বক্তব্যে মাওলানা আব্দুর রকিব বিশ্বম্ভরপুরী বলেন, "জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় ১ম স্থান অর্জন করা কেবল এই প্রতিষ্ঠানের জন্য নয়, বরং পুরো সুনামগঞ্জ জেলার জন্য এক অনন্য গৌরব। কুরআন সংরক্ষণের এই পবিত্র যাত্রায় এহসানুলের সাফল্য অন্যান্য শিক্ষার্থীদের জন্যও অনুপ্রেরণা হয়ে থাকবে।"
অনুষ্ঠানে অনুভূতি প্রকাশ করতে গিয়ে কৃতী শিক্ষার্থী এহসানুলের বাবা আব্দুল হক কাশিপুরী বলেন, "সন্তানকে কুরআনের আলোয় আলোকিত করার যে স্বপ্ন নিয়েছিলাম, আজকের এই অর্জন তার বড় সার্থকতা। আমি তার উত্তরোত্তর তাওফিক ও সুন্দর ভবিষ্যতের জন্য দেশবাসীর কাছে দোয়া চাই।"
মাদরাসার পরিচালক হাফিজ ক্বারী আবু সুফিয়ান মজুমদার জানান, শিক্ষার্থীদের মানসম্মত কুরআন শিক্ষা ও সঠিক পরিচর্যার ফলেই জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনামগঞ্জের শিক্ষার্থীরা সাফল্য পাচ্ছে। আগামীতেও এই সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে মাদরাসা কর্তৃপক্ষ বদ্ধপরিকর।
সংবর্ধনা সভায় আরও বক্তব্য রাখেন হাফেজ মাওলানা আমির হোসেন, মুফতি শহিদুল ইসলাম পলাশী, হজরত মাওলানা রফিক উদ্দিন উলাশনগরী, অভিভাবক আরমি রফিক উদ্দিন, মাদরাসার ভাইস প্রিন্সিপাল হাফেজ আমির হোসাইন এবং হাফেজ রেজুয়ানুল করিম জুসেফ।
অনুষ্ঠান শেষে কৃতী শিক্ষার্থী হাফিজ এহসানুল হক পারভেজের হাতে বিশেষ সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। সর্বশেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
প্রীতম দাস/ ডিডি
মন্তব্য করুন: