এমপি কামরুলের উদ্যোগ
তাহিরপুরের নীলাদ্রি লেকে বিএনপির পরিচ্ছন্নতা অভিযান
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার পর্যটনকেন্দ্রগুলোর পরিবেশ রক্ষায় পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে বিএনপি ও এর অঙ্গসংগঠন।
শুক্রবার (২৮ আগস্ট) সকাল থেকে তাহিরপুর উপজেলা বিএনপির উদ্যোগে উত্তর শ্রীপুর ইউনিয়নের জনপ্রিয় পর্যটন স্পট নীলাদ্রি (শহীদ সিরাজ লেক), টেকেরঘাটসহ আশপাশের এলাকায় এ কার্যক্রম পরিচালিত হয়।
দলীয় সূত্রে জানা যায়, কেন্দ্রীয় নির্দেশনার অংশ হিসেবে এবং সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। সকালে বিএনপি ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী লেক ও আশপাশের এলাকায় ছড়িয়ে ছিটিয়ে থাকা প্লাস্টিকের বোতল, প্লেট ও বিভিন্ন বর্জ্য কুড়িয়ে নির্দিষ্ট স্থানে জমা করেন।
অভিযান পরিচালনাকালে পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের পরিবেশ সচেতন হওয়ার পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি স্থানীয় ব্যবসায়ী ও হাউসবোট কর্তৃপক্ষকে নিজ নিজ ব্যবস্থাপনায় ডাস্টবিন ব্যবহার করে বর্জ্য ফেলার আহ্বান জানানো হয়।
এ বিষয়ে তাহিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল বলেন, "তাহিরপুরের পর্যটন কেন্দ্রগুলোতে প্রতিদিন দেশ-বিদেশের হাজারও পর্যটক আসেন। চারপাশের পরিবেশ নোংরা থাকলে এলাকা সম্পর্কে ইতিবাচক বার্তা যায় না। পর্যটনকেন্দ্রগুলোর সৌন্দর্য ও পরিবেশ রক্ষায় আমাদের এই পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত থাকবে।"
কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন— তাহিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. বাদল মিয়া, উত্তর শ্রীপুর ইউপি চেয়ারম্যান আলী হায়দার, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এ কে এম নাসের উজ্জ্বল, তাহিরপুর সদর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সাইদুল কিবরিয়া, বাদাঘাট ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নজরুল সিকদার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আসাদুজ্জামান মুন্নাসহ স্থানীয় বিএনপি, যুবদল, কৃষকদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
লতিফুর রহমান রাজু/ নীরব চাকলাদার
মন্তব্য করুন: