হোল্ডিং ট্যাক্স আদায়ের লক্ষ্যে নবীগঞ্জ পৌরসভায় ১০ দিনের কর মেলা শুরু
বকেয়া ও চলতি বছরের হোল্ডিং ট্যাক্স আদায়ের লক্ষ্যে হবিগঞ্জের নবীগঞ্জ পৌরসভায় ১০ দিনব্যাপী কর মেলা শুরু হয়েছে। রোববার সকালে পৌরসভা প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করা হয়।
পৌর প্রশাসক সুলতানা জেরিন মেলার উদ্বোধন করেন। এ সময় পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও পৌর এলাকার বাসিন্দারা উপস্থিত ছিলেন।
মেলা উপলক্ষে পৌরসভা প্রাঙ্গণে কয়েকটি স্টল স্থাপন করা হয়েছে। পৌরসভা কর্তৃপক্ষ জানিয়েছে, এসব স্টলে পৌরবাসী বকেয়া ও চলতি বছরের হোল্ডিং ট্যাক্স পরিশোধ করতে পারবেন। করদাতাদের জন্য বিশেষ ছাড় ও উপহারের ব্যবস্থাও রাখা হয়েছে বলে জানানো হয়।
পৌরসভা কর্তৃপক্ষের ভাষ্য, নিয়মিত কর আদায়ের মাধ্যমে পৌরসভার নিজস্ব আয় বাড়ে। এই অর্থ থেকে সড়ক, ড্রেনেজ, সড়কবাতিসহ বিভিন্ন নাগরিক সেবামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। কর পরিশোধের প্রক্রিয়া সহজ করতেই মেলার আয়োজন করা হয়েছে।
পৌরসভা সূত্রে জানা গেছে, প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মেলার কার্যক্রম চলবে। আগামী ১০ দিন এ মেলা চলার কথা রয়েছে। মেলায় অংশ নেওয়া কয়েকজন পৌরবাসী জানান, এক জায়গায় কর পরিশোধের সুযোগ থাকায় তাঁদের সময় ও ভোগান্তি কমছে।
স্বপন রবি দাশ/ ডিডি / প্রসি-২০২৬
মন্তব্য করুন: