মুক্তির প্রথম দিনেই ইতিহাস গড়লো অজয়ের ‘দৃশ্যম ৩’

মুক্তির প্রথম দিনেই ইতিহাস গড়লো অজয়ের ‘দৃশ্যম ৩’

প্রথম ডেস্ক

০৩/১০/২০২৬ ১৪:৪৩:১২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে বড়সড় চমক দেখিয়েছে অজয় দেবগন অভিনীত ‘দৃশ্যম ৩: দ্য কনক্লুশন’। শুক্রবার (২ অক্টোবর) প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ফ্র্যাঞ্চাইজিটির তৃতীয় ও শেষ কিস্তি উদ্বোধনী দিনেই আয়ের দিক থেকে তৈরি করেছে নতুন নজির।

বক্স অফিস ট্র্যাকার স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, ভারতে প্রথম দিনে সিনেমাটির নিট আয় হয়েছে ৬৬.৭৫ কোটি রুপি। দেশটির বাজারে গ্রস সংগ্রহ দাঁড়িয়েছে ৮০.১০ কোটি রুপি।

এর সঙ্গে আন্তর্জাতিক বাজারের প্রায় ১৫ কোটি রুপি যোগ হওয়ায় প্রথম দিনেই সিনেমাটির বিশ্বব্যাপী গ্রস আয় দাঁড়িয়েছে ৯৫.১০ কোটি রুপিতে।

এই দুর্দান্ত উদ্বোধনের মধ্য দিয়ে ‘দৃশ্যম’ ফ্র্যাঞ্চাইজির আগের দুই কিস্তির প্রথম দিনের আয়ের রেকর্ডও ছাড়িয়ে গেছে নতুন সিনেমাটি।

২০১৫ সালে মুক্তি পাওয়া প্রথম ‘দৃশ্যম’ উদ্বোধনী দিনে ভারতে নিট ৫.৮৫ কোটি রুপি আয় করেছিল। আর ২০২২ সালের ‘দৃশ্যম ২’ প্রথম দিনে সংগ্রহ করেছিল প্রায় ১৫.৩৮ কোটি রুপি।

অর্থাৎ, তৃতীয় কিস্তির উদ্বোধনী আয় আগের দুই সিনেমার তুলনায় একেবারেই ভিন্ন মাত্রার সাফল্যের ইঙ্গিত দিচ্ছে। একই সঙ্গে এই ওপেনিং অজয় দেবগনের অভিনয়জীবনেও নতুন মাইলফলক তৈরি করেছে।

‘দৃশ্যম’ সিরিজের অন্যতম আকর্ষণ বিজয় সালগাঁওকর। পরিবারের সদস্যদের রক্ষা করতে গিয়ে একের পর এক বুদ্ধিদীপ্ত পরিকল্পনা এবং রহস্যের জাল বুনে ফেলা এই চরিত্র দর্শকদের মধ্যে বরাবরই আগ্রহ তৈরি করেছে। নতুন কিস্তিতেও সেই টানটান উত্তেজনা ধরে রাখার চেষ্টা করা হয়েছে।

প্রায় আড়াই ঘণ্টার ক্রাইম থ্রিলার ‘দৃশ্যম ৩: দ্য কনক্লুশন’ পরিচালনা করেছেন অভিষেক পাঠক। সিনেমাটিতে বিজয় সালগাঁওকরের চরিত্রে আবারও দেখা গেছে অজয় দেবগনকে। তার সঙ্গে মীরা দেশমুখের চরিত্রে তাবু এবং এসপি রাজবীর সিংয়ের ভূমিকায় রয়েছেন জয়দীপ অহলাওয়াত।

ফ্র্যাঞ্চাইজির শেষ অধ্যায় হিসেবে মুক্তির আগেই সিনেমাটিকে ঘিরে দর্শকদের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছিল। প্রথম দিনের বক্স অফিস পরিসংখ্যান বলছে, সেই প্রত্যাশার বড় একটি প্রতিফলন দেখা গেছে প্রেক্ষাগৃহের টিকিট বিক্রিতে।

পূজা বাড়াইক/প্রসি-২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad