সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন
সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্ধারিত স্থানে দ্রুত বাস্তবায়নের দাবিতে সুনামগঞ্জে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে রাজনৈতিক, সামাজিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেল ৩টায় সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের দিরাই রোড পয়েন্ট এলাকায় “সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস বাস্তবায়ন পরিষদ”-এর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী নাদের আহমদ, এবং যৌথভাবে সঞ্চালনা করেন শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আবু সাঈদ ও উপজেলা জামায়াতে ইসলামী’র সহকারী সেক্রেটারি আসাদুজ্জামান আসাদ।
মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধাদল কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ এম এ মালেক খান। বিশেষ অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য এডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী, জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী এডভোকেট ইয়াসিন খান ও শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ফারুক আহমদ। স্বাগত বক্তব্য রাখেন আয়োজক কমিটির সদস্য ও জেলা মোটর চালক দলের সভাপতি মো. নজরুল ইসলাম রাজু। বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামী’র আমির হাফেজ আবু খালেদ, বিএনপি নেতা সলিব নুর বাচ্চু, জমিয়তে উলামায়ে ইসলাম উপজেলা সভাপতি মাওলানা ইলিয়াছ হোসাইন, নির্বাহী সভাপতি মাওলানা খলিলুর রহমান, জেলা যুব জমিয়ত সভাপতি মাওলানা কবির আহমদ, বিএনপি নেতা মুজাহিদ উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ফরিদুর রহমান, সাংবাদিক কাজী জমিরুল ইসলাম মমতাজ, ৭১ টিভির প্রতিনিধি মো. শহীদনুর আহমেদ, ইসলামী আন্দোলন নেতা ক্বারী মাওলানা মুহিবুল হক, ছাতক–দোয়ারা ফোরাম সিলেটের সাধারণ সম্পাদক উবায়দুল হক শাহীনসহ আরও অনেকে। শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন ইমাম আহমেদ শফি।
সভায় বক্তারা বলেন, “সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসটি নির্ধারিত স্থানে দ্রুত বাস্তবায়ন করা এখন সময়ের দাবি। এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হলে হাওর অঞ্চলের শিক্ষার প্রসার ঘটবে এবং স্থানীয় অর্থনীতিতেও ব্যাপক গতি আসবে।”
তারা আরও বলেন, “অযথা বিলম্বে এ গুরুত্বপূর্ণ জাতীয় প্রকল্পের বাস্তবায়ন ব্যাহত হচ্ছে। দ্রুত কাজ শুরু না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।”
মানববন্ধনে সুনামগঞ্জ সদর, শান্তিগঞ্জ, জগন্নাথপুরসহ জেলার বিভিন্ন উপজেলার জনপ্রতিনিধি, শিক্ষক, ব্যবসায়ী ও সাংবাদিক সমাজের নেতৃবৃন্দ অংশ নেন।
এ রহমান
মন্তব্য করুন: