জামালগঞ্জে মাহবুবুর রহমানের মনোনয়ন দাবিতে বিএনপির উঠান বৈঠক
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি প্রচার এবং আসন্ন নির্বাচনে ‘ধানের শীষ’ প্রতীকের পক্ষে জনমত গঠনের লক্ষ্যে জামালগঞ্জে একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে জামালগঞ্জ উত্তর ইউনিয়ন বিএনপির উদ্যোগে উত্তর কামলাবাজ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভা আয়োজন করা হয়।
উত্তর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুস সহিদ (ছবর আলী)–এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির প্রথম যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল মালিক।
বক্তারা দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধা ও স্থানীয়ভাবে জনপ্রিয় নেতা মাহবুবুর রহমানের প্রতি আস্থা ও সমর্থন প্রকাশ করে বলেন, সুনামগঞ্জ-১ আসনে ধানের শীষের চূড়ান্ত মনোনয়ন অবশ্যই তাঁকেই দেওয়া উচিত।
উপজেলা বিএনপির দ্বিতীয় যুগ্ম আহ্বায়ক মো. আজিজুর রহমান বলেন,“সতেরো বছর ধরে এই কঠিন সময়ে মাহবুবুর রহমান আমাদের সুখ–দুঃখে পাশে থেকেছেন। তিনি আমাদের হৃদয়ের স্পন্দন। আমরা চাই ধানের শীষের নির্বাচন তাঁর নেতৃত্বেই হোক।”
তিনি আরও বলেন,“প্রাথমিক পর্যায়ে মনোনয়ন না পেলেও আমরা হতাশ নই। আমাদের বিশ্বাস—ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চূড়ান্ত মনোনয়ন মাহবুবুর রহমানের হাতেই তুলে দেবেন।”
বক্তারা আরও দাবি জানান,“আমাদের দুর্দিনের কান্ডারী মাহবুবুর রহমানকে চূড়ান্ত মনোনয়নে মূল্যায়ন করুন—এটাই আমাদের প্রত্যাশা।”
বৈঠকে কিছু বক্তা সরকারের বিরুদ্ধে কঠোর সমালোচনা করে বলেন, “ফ্যাসিস্ট হাসিনাকে ফাঁসির রায় দিয়েছেন মহামান্য আদালত। জনগণের ওপর নির্যাতন-নিপীড়ন চালিয়ে কেউ শেষ পর্যন্ত রক্ষা পায় না।” তারা আরও বলেন, “যে আদালত মিথ্যা মামলা দিয়ে জাতীয় নেতাদের ফাঁসি দিয়েছিল, সেই আদালতই আজ তাকে মৃত্যুদণ্ড দিয়েছে—এটিই প্রমাণ করে সত্য কখনো চাপা থাকে না।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক মো. আজিজুর রহমান, সদস্য নূরে আলম ফরাজি, ফরিদ মিয়া তালুকদার, আলী আক্কাস মুরাদ।
এ ছাড়া বক্তব্য দেন উত্তর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক হানিফ মিয়া, জামালগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জামির আহমেদ, উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাম্মেল হক স্বপন, যুগ্ম আহ্বায়ক এমদাদুর রহমান হিরন, উত্তর ইউনিয়ন যুবদলের সভাপতি সোহরাব হোসেন মাছুম, সদর ইউনিয়ন যুবদলের সভাপতি ইয়াছিন মিয়া এবং মহিলা দলের নেত্রী ময়না বেগম প্রমুখ।
বৈঠকটি জামালগঞ্জে বিএনপির রাজনৈতিক তৎপরতাকে আরও গতিশীল করেছে এবং স্থানীয় নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।
পি ডি এস
মন্তব্য করুন: