পুলিশের বিশেষ অভিযান
বিশ্বম্ভরপুরে ৫৮ বস্তা পেঁয়াজ ও ৪০ হাজার নাসির বিড়ি জব্দ
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থানার বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে পুলিশ। এর মধ্যে রয়েছে ৫৮ বস্তা ভারতীয় পেঁয়াজ ও ৪০ হাজার শলাকা নাসির বিড়ি। সোমবার (১৭ নভেম্বর) ভোররাত ৪টার দিকে থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আকবর হোসেনের নির্দেশনায় ওসি (তদন্ত) ওয়ালী আশরাফ খানের নেতৃত্বে পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। অভিযানে থানার গামাইতলা এলাকায় সাবেক মেম্বার ফারুক মিয়ার বাড়ির পেছন থেকে এসব পণ্য জব্দ করা হয়।
পুলিশ জানায়, চোরাকারবারিরা রাতের অন্ধকারে ভারত থেকে পাচার করে এসব পেঁয়াজ ও বিড়ি দেশে এনে বিভিন্ন এলাকায় সরবরাহ করে থাকে। পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাচালানকারীরা পালিয়ে যায়।
অভিযানে অংশ নেন এসআই মনির হোসেন, এএসআই আব্দুর রব এবং কনস্টেবল অজয় দেব, রায়ফুল, সোহাগ, জুনায়েদসহ সঙ্গীয় ফোর্স। তারা আশপাশের জঙ্গল এবং তিনটি ঘরের পেছন থেকে প্রায় ১,৭৫০ কেজি পেঁয়াজ ও ৪০ হাজার শলাকা নাসির বিড়ি জব্দ করেন।
নবাগত ওসি মোহাম্মদ আকবর হোসেন বলেন— “ভারতীয় সীমান্তবর্তী এলাকা হওয়ায় রাতে চোরাইপণ্য আনা-নেওয়া হয় বলে তথ্য ছিল। তারই ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করেছি। জব্দকৃত মালামাল থানার হেফাজতে রয়েছে। আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আমাদের অভিযান চলমান থাকবে।”
এ রহমান
মন্তব্য করুন: