ছাতকে জমি নিয়ে বিরোধ : দুই গ্রামের সংঘর্ষে আহত ২৫
সুনামগঞ্জের ছাতকে বাজারের জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে দুই গ্রামের লোকজনের ভয়াবহ সংঘর্ষে কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। বুধবার (১৯ নভেম্বর) সকালে উপজেলার চরমহল্লা ইউনিয়নের নানশ্রী ও সিদ্ধারচর গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে ছাতক থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সিদ্ধারচর গ্রামের পাশে ইসলামগঞ্জ নামে একটি বাজার স্থাপনের উদ্যোগ নিয়েছেন এলাকাবাসী। বাজারের ভূমি নিয়ে বাজার কমিটি ও স্থানীয় আব্দুল হকের মধ্যে মামলা চলমান। মঙ্গলবার বাজারের জমি মাপজোক করতে গেলে নানশ্রী গ্রামের চান্দ আলীর সঙ্গে আব্দুল হকের কথাকাটাকাটি হয়। ওই ঘটনার জের ধরেই বুধবার সকালে দুই গ্রামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে।
চরমহল্লা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মতিন বলেন, “ইসলামগঞ্জ বাজারের কিছু জমি নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। মঙ্গলবারের বাকবিতণ্ডার পর বুধবার সকালেই দুই পক্ষের সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছে বলে জানা গেছে। আহতদের ছাতক স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।”
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম খান বলেন, “জমি সংক্রান্ত পুরোনো বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে পুনরায় কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে।”
এ রহমান
মন্তব্য করুন: