সুনামগঞ্জে টাস্কফোর্সের অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে অভিযান জোরদার করেছে ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)। এর অংশ হিসেবে সুনামগঞ্জ সদর উপজেলায় টাস্কফোর্স অভিযানে প্রায় ১ কোটি ৫৮ লাখ টাকা মূল্যের অবৈধ ভারতীয় শাড়ি, থ্রি-পিস ও কসমেটিকস জব্দ করেছে বিজিবি। এ সময় একটি ইঞ্জিনচালিত নৌকাও আটক করা হয়।
বৃহস্পতিবার ভোরে গোপন খবরের ভিত্তিতে সদর উপজেলার সুরমা ইউনিয়নের মইনপুর গ্রামের একটি পরিত্যক্ত বাড়ি ও পাশের সুরমা নদীতে এই অভিযান চালানো হয়। অভিযানে বিজিবির ২৪ সদস্যের একটি দল অংশ নেয়। টাস্কফোর্সটির নেতৃত্ব দেন সরকারি নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সোয়াদ সাত্তার চৌধুরী।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, অভিযানে মালিকবিহীন অবস্থায় শাড়ি ১,২২৯টি, থ্রি-পিস ২০৮টি এবং কসমেটিকসের ১৯৫টি প্যাকেট জব্দ করা হয়েছে। উদ্ধার করা নৌকাসহ এসব মালামালের সিজার মূল্য দাঁড়িয়েছে ১ কোটি ৫৭ লাখ ৫৯ হাজার ৮০০ টাকা।
২৮ বিজিবি ব্যাটালিয়নের সুনামগঞ্জ অঞ্চলের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল একেএম জাকারিয়া কাদির বলেন, সীমান্ত নিরাপত্তা ও চোরাচালান প্রতিরোধে স্থল ও নৌ—দুই পথেই নজরদারি জোরদার করা হয়েছে। তিনি আরও জানান, জব্দ করা সব মালামাল সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
অধিনায়ক বলেন, সুনামগঞ্জের দীর্ঘ সীমান্তজুড়ে ১৯টি বর্ডার অবজারভেশন পোস্টের (বিওপি) সদস্যরা সার্বক্ষণিকভাবে নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে সাংবাদিকদের সহযোগিতাও গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তিনি।
পি ডি এস
মন্তব্য করুন: