শাল্লায় হাওর বাঁচাও আন্দোলন উপজেলা কমিটির ত্রি-বার্ষিক সম্মেলন
সুনামগঞ্জের শাল্লা উপজেলা পরিষদ গণমিলনায়তনে হাওর বাঁচাও আন্দোলন, শাল্লা উপজেলা কমিটির ত্রি-বার্ষিক সম্মেলন বৃহস্পতিবার (২০ নভেম্বর) বেলা ১১টায় অনুষ্ঠিত হয়েছে। এ সম্মেলনে সর্বসম্মতিক্রমে আবারও অধ্যাপক তরুণ কান্তি দাসকে সভাপতি ও জয়ন্ত সেনকে সাধারণ সম্পাদক করে আগামী তিন বছরের জন্য ৩১ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
সংগঠনের উপজেলা কমিটির সভাপতি অধ্যাপক তরুণ কান্তি দাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জয়ন্ত সেনের সঞ্চালনায় সম্মেলনের প্রথম অধিবেশন শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাওর বাঁচাও আন্দোলন, সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি ইয়াকুব বখ্ত বাহালুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম এবং শান্তিগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক আবু সাঈদ।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা কমিটির উপদেষ্টা মণ্ডলীর সদস্য আজমান গণি তালুকদার, সাংগঠনিক সম্পাদক নরেন্দ্র কুমার দাস, সদর ইউপি'র সভাপতি রবীন্দ্র কুমার দাস, শাল্লা উপজেলার আটগাঁও ইউপি'র সভাপতি সুরত আলী, সাধারণ সম্পাদক তৌফিকুর রহমান তাহের প্রমুখ। বক্তারা হাওরের সম্পদ রক্ষা, টেকসই বাঁধ নির্মাণ ও পরিবেশ সুরক্ষায় সংগঠনের গুরুত্ব তুলে ধরেন।
প্রথম অধিবেশনের শুরুতেই সংগঠনের প্রয়াত সদস্যদের আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়। যাঁদের স্মরণে নীরবতা পালন করা হয় তাঁরা হলেন— উপজেলা কমিটির প্রয়াত উপদেষ্টা মণ্ডলীর সদস্য মুক্তিযুদ্ধের সংগঠক রামানন্দ দাশ, কৃষ্ণকান্ত সরকার, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা জগদীশ চন্দ্র সরকার, মুক্তিযোদ্ধা চিত্ত রঞ্জন দাশ, হবিবপুর ইউপি'র সভাপতি মুক্তিযোদ্ধা দূর্গা চরণ দাশ, সদস্য প্রমুদ রঞ্জন দাশ, উপজেলা কমিটির বাঁধ বিষয়ক সম্পাদক হান্নান শাহ্ এবং আটগাঁও ইউপি'র সহ-সভাপতি কদম আলী।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে আগামী তিন বছর মেয়াদী ৩১ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। নতুন এই কমিটিতে চতুর্থবারের মতো অধ্যাপক তরুণ কান্তি দাসকে সভাপতি এবং জয়ন্ত সেনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
ত্রি-বার্ষিক সম্মেলনে উপজেলার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। নতুন কমিটি হাওর ও হাওরবাসীর স্বার্থ রক্ষায় আরও বলিষ্ঠ ভূমিকা রাখবে বলে উপস্থিত সকলে প্রত্যাশা ব্যক্ত করেন।
রোদ্দুর রিফাত
মন্তব্য করুন: