তাহিরপুরে নারী ভোটারদের নিয়ে উঠান বৈঠক করলেন বিএনপির প্রার্থী আনিসুল হক
সুনামগঞ্জ-১ (তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী আনিসুল হক নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে নারী ভোটারদের সঙ্গে উঠান বৈঠক করেছেন। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যায় তাহিরপুর উপজেলার বালিজুরী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের একটি বাড়ির আঙিনায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।
উঠান বৈঠকে উপস্থিত নারী ভোটারদের উদ্দেশে আনিসুল হক বলেন, “নারীরা জাতি গঠনের মূল কারিগর। তাদের সচেতন অংশগ্রহণ রাষ্ট্রের নেতৃত্বে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।” তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নারীদের সম্পৃক্ততা অপরিহার্য, আর ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে সেই পরিবর্তনের পথ প্রশস্ত করা সম্ভব।
বিএনপির এই প্রার্থী আরও বলেন, “গত ১৭ বছর ধরে আমি ও আমার দল বিএনপি জনগণের পাশে থেকেছি। অন্যায়ের সঙ্গে আপস করিনি কখনো। জনগণই আমার শক্তি। এবার ভোটের মাধ্যমে মানুষ এই ত্যাগের মূল্যায়ন করবে—ইনশাল্লাহ।”
তারেক রহমানের ঘোষিত ৩১ দফা জাতীয় পুনর্গঠন পরিকল্পনার প্রসঙ্গ টেনে আনিসুল হক বলেন, এই পরিকল্পনা বাস্তবায়িত হলে দেশে গণতন্ত্র, সুশাসন, জবাবদিহিতা ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা পাবে।
উঠান বৈঠকে তৃণমূলের কর্মী–সমর্থকদের মাঝে উদ্দীপনা লক্ষ্য করা যায়। উপস্থিত ভোটাররা “আমরা সবাই ঐক্য জোট, ধানের শীষে দেবো ভোট”—এই স্লোগানে সরব হয়ে আনিসুল হকের প্রতি সমর্থন জানান।
এসময় স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ রহমান
মন্তব্য করুন: