প্রান্তিক পর্যায়ে পৌঁছে দেওয়া হবে স্বাস্থ্যসেবা
সুনামগঞ্জে ড্যাব সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
সুনামগঞ্জে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ডা. শাকিলুর রহমান বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে দেশের প্রান্তিক অঞ্চলে চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া হবে। তিনি বলেন, “দেশের প্রান্তিক পর্যায়ের কোনো মানুষ যেন চিকিৎসার সেবার বাইরে না থাকে। সবাইকে সমানভাবে চিকিৎসা সেবা দিতে হবে। বিএনপির ৩১ দফা কর্মসূচিতেও স্বাস্থ্যসেবার কথা বলা হয়েছে। স্বাস্থ্যসেবার বিষয়টি আপনাদের জনগণের কাছে তুলে ধরতে হবে।”
শনিবার দুপুরে জেলা ড্যাবের আয়োজনে সদর হাসপাতালের কনফারেন্স রুমে “সবার জন্য স্বাস্থ্য এবং সর্বজনীন চিকিৎসা, আমাদের অঙ্গীকার” প্রতিপাদ্য নিয়ে ড্যাবের সদস্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সদর হাসপাতালের আরএমও ডা. রফিকুল ইসলাম, স্বাগত বক্তব্য রাখেন ডা. শরিফ সরকার, এবং শুরুতে কুরআন তেলাওয়াত করেন ডা. এনামুল হক খান।
ডা. সালমান আহমেদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদকরা, ডা. সাকিব আবদুল্লাহ চৌধুরী ও ডা. সৈয়দ নাফি মাহদী। এছাড়া উপস্থিত ছিলেন জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাহবুবুর রহমান, সিভিল সার্জন ডা. জসিম উদ্দিন, ডা. সৌদিয়ার হোসেন, ডা. হাফিজুর রহমান তানভীর, ডা. নিশাত তাসনীম, ডা. সৈয়দ মারজান আহমেদ প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে ডা. শাকিলুর রহমান বলেন, “সুনামগঞ্জ জেলায় দীর্ঘদিন ধরে ড্যাবের কার্যক্রম নেই। আজকের এই পুনরুজ্জীবন অত্যন্ত আনন্দের। সর্বোচ্চ সংখ্যক সদস্য সংগ্রহ করা হবে। যারা ড্যাবকে শক্তিশালী করতে পারবেন তাদের নিয়েই আগামী কমিটি গঠন হবে। কাজের মাধ্যমে সকলকে মূল্যায়ন করা হবে। আমাদের সকলের অংশগ্রহণে চিকিৎসা সেবার মান উন্নয়ন করতে চাই। অন্য রাজনৈতিক সংগঠনের সাথে যুক্ত ডাক্তাররা ড্যাবের সদস্য হবেন না।”
ড্যাব কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ডা. সাকিব আবদুল্লাহ চৌধুরী বলেন, “বিগত সরকারের আমলে সুনামগঞ্জকে ডাম্পিং সেন্টার হিসেবে রাখা হয়েছে। ডাক্তাররা বদলি হয়ে আসার পর সপ্তাহে ১-২ দিনই কর্মস্থলে থাকতেন। আমরা ইতিমধ্যে সুনামগঞ্জের চিকিৎসার মান উন্নয়নের বিষয়ে কাজ শুরু করেছি। আশা করি জাতীয়তাবাদী দল ক্ষমতায় এলে সুনামগঞ্জে চিকিৎসার মান উন্নয়নে আমরা আরও কার্যকর ভূমিকা রাখতে পারব।”
এ রহমান
মন্তব্য করুন: