“আমরা সবাই মিলেই ধানের শীষকে বিজয়ী করবো”: আনিসুল হক
সুনামগঞ্জ-১ (ধর্মপাশা–জামালগঞ্জ–তাহিরপুর–মধ্যনগর) আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী, কৃষকদলের কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আনিসুল হক জানিয়েছেন, জামালগঞ্জে বিএনপির নেতাকর্মীরা এখন সম্পূর্ণ ঐক্যবদ্ধ। তিনি দৃঢ় কণ্ঠে বলেছেন,
“আমরা সবাই মিলেই ধানের শীষকে বিজয়ী করতে চাই।”
মঙ্গলবার বিকেলে সাচনা বাজার বটতলায় অনুষ্ঠিত নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে আনিসুল হক আরও বলেন, “ধানের শীষ শুধু একটি নির্বাচন প্রতীক নয়, এটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের প্রতীক। ধানের শীষ বিজয়ী হলে খালেদা জিয়া ও তারেক রহমানের বিজয়ও নিশ্চিত হবে।”তিনি আরও সতর্ক করে বলেন, “দলের মুরব্বিদের সিদ্ধান্ত মেনে চলা প্রত্যেকের কর্তব্য। তবে যদি কেউ চ্যালেঞ্জ নিতে চায়, আমরা তা সহজে মেনে নেবো না।”
পথসভা চলাকালীন সাচনা বাজার মুখরিত হয়ে ওঠে—খণ্ড খণ্ড মিছিল, নাচ–গান আর উৎসবমুখর পরিবেশে সমর্থকরা নিজেদের উচ্ছ্বাস ব্যক্ত করেন। বাজার জুড়ে নেতাকর্মী ও সাধারণ মানুষ মিলেমিশে রাজনৈতিক উদ্দীপনায় ভাসছিলেন।
সভায় জামালগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুল হক আফিন্দী বলেন, “বিএনপির জন্য আসন্ন নির্বাচন একটি বড় চ্যালেঞ্জ। সব ভেদাভেদ ভুলে দলীয় প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
সাবেক সাধারণ সম্পাদক শাহ মো. শাহজাহান বলেন, “১৭ বছরের অত্যাচার ও নির্যাতনের পর আমরা গণঅভ্যুত্থানের মাধ্যমে যে পরিবর্তনের পথে এগোচ্ছি, সেই জয় নিশ্চিত করতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে।”
জামালগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক শফিকুর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য গোলাম রাব্বানী আফিন্দীর সঞ্চালনায় সভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উৎসাহভরে অংশগ্রহণ করেন।
রোদ্দুর রিফাত
মন্তব্য করুন: