বিস্যুদবারের সাহিত্য সভায় বক্তারা
‘কবি আবুল হাসান চলে গেলেও রেখে গেছেন এক উজ্জ্বল কাব্যভাষা’
সুনামগঞ্জে বিস্যুদবারের নিয়মিত সাহিত্য আড্ডায় বক্তারা বলেছেন, কবি আবুল হাসান ছিলেন বাংলা সাহিত্যের এক উজ্জ্বল কিন্তু স্বল্পায়ু কবি। তাঁর কবিতায় রোমান্টিকতা, নিঃসঙ্গতা, বেদনা, মানবিক চেতনা আর তীব্র আবেগ—সব মিলিয়ে এক অনন্য কাব্যভুবন তৈরি হয়েছে। তাঁর কবিতায় ব্যক্তিগত অভিজ্ঞতা, প্রেম, বেদনা, আত্মসংকট, সামাজিক বাস্তবতা ও অস্তিত্ব সচেতনতা এক ভিন্নধারার সৌন্দর্যে ফুটে ওঠে। ভাষার স্বচ্ছতা, চিত্রকল্পের শক্তি এবং আবেগের গভীরতা তাঁকে সমসাময়িক কবিদের মধ্যে আলাদা করে তোলে। তিনি কবিতায় এক সংবেদনশীল আধুনিকতার স্বাদ দিয়েছেন, যা এখনও পাঠকের হৃদয়ে আলোড়ন তোলে। অল্প বয়সে চলে গেলেও তিনি রেখে গেছেন এক উজ্জ্বল কাব্যভাষা—যা তাঁকে আজও স্মরণীয় করে রেখেছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সুনামগঞ্জে জনপ্রিয় সাহিত্য আড্ডা 'বিস্যূদবারের বৈঠক' অনুষ্ঠিত সাহিত্য সভায় বক্তারা কথাগুলো বলেন। কবি ও প্রাবন্ধিক এনামুল কবিরের সভাপতিত্বে ওবায়দুল মুন্সীর সঞ্চালনায় কবি আবুল হাসান স্মরণে মূল প্রবন্ধ পাঠ করেন কবি সৈয়দ মুহিবুল ইসলাম। আবুল হাসান এর কবিতা ও আলোচনা করেন কবি ও প্রাবন্ধিক অনুপ তালুকদার, আহমেদ নূর আলবাব।
আলোচনায় উপস্থিত ছিলেন- কবি ও প্রাবন্ধিক সাজাউর রহমান, সুরঞ্জিত গুপ্ত রনজু কাব্যতীর্থ ,মোঃ রাজু আহমেদ, কবি ছালিক সুমন,প্রদীপ পাল, মোশাররফ হোসেন চৌধুরী, কবি মোঃ আফজাল হোসেন, শিল্পী আদিল আরমান প্রমূখ।
উল্লেখ্য, বাংলাদেশ রেডক্রিসেন্ট সুনামগঞ্জ জেলা শাখার নির্বাচন থাকায় আড্ডাটি শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরিতে না হয়ে পুলিশ ক্যাফের খোলামঞ্চে অনুষ্ঠিত হয়েছে।
ডি আর ডি
মন্তব্য করুন: