জামালগঞ্জে ফুটপাত দখল ও অবৈধ স্ট্যান্ডে তীব্র যানজট
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সাচনা বাজারে ফুটপাত দখল ও অবৈধ গাড়ির স্ট্যান্ড গড়ে ওঠায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। প্রতিদিন সকাল থেকে রাতে পর্যন্ত বাজার এলাকায় চলাচল করতে গিয়ে দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় মানুষদের।
সরেজমিনে দেখা গেছে, ৩০ ফুট চওড়া সড়কের বড় অংশজুড়ে হকার, ফলের দোকান ও অস্থায়ী ব্যবসা প্রতিষ্ঠান বসে আছে। পথচারীদের জন্য অবশিষ্ট থাকে সামান্য জায়গা। এর সঙ্গে সিএনজি, অটোরিকশা, মিনি ট্রাক ও মোটরসাইকেলের যত্রতত্র স্ট্যান্ড এবং অনিয়ন্ত্রিত যাত্রী ওঠানামা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। বিশেষ করে সিএনজি রোড ও ফেরিঘাট এলাকায় যানবাহন দাঁড়িয়ে থাকায় বাজারের প্রধান প্রবেশমুখগুলো প্রায় স্থবির হয়ে যায়।
উপজেলার বিভিন্ন ইউনিয়ন—বেহেলি, মমিনপুর, রামনগর ও ফেনারবাকসহ বিস্তৃত এলাকার মানুষের যাতায়াতের কেন্দ্র এ বাজার। কিন্তু পরিবহন সিন্ডিকেট ও বিশৃঙ্খল ব্যবস্থাপনার কারণে সাধারণ মানুষকে প্রতিনিয়তই ভোগান্তি সইতে হচ্ছে।
সাচনা বাজারের ব্যবসায়ী আব্দুস সালাম বলেন, ‘সকাল থেকে রাত পর্যন্ত রাস্তার ওপর গাড়ি দাঁড় করিয়ে যাত্রী তোলা–নামানো হয়। এতে যান চলাচলে বড় ধরনের বিঘ্ন ঘটে।’
বাজার বণিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আসাদ আল আজাদ বলেন, ‘প্রশাসনের নির্দেশে ফুটপাত খালি করার চেষ্টা করলেও কিছুদিন পরই আবার দোকান বসে যায়। সিএনজি, অটোরিকশা ও মোটরবাইকের জন্য আলাদা তিনটি স্ট্যান্ড নির্ধারিত না হলে এই ভোগান্তি কমবে না।’
জামালগঞ্জ থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, ‘যানজট নিরসনে পুলিশ নিয়মিত অভিযান চালাচ্ছে। কিন্তু নির্দিষ্ট স্ট্যান্ড না থাকায় অনেক চালক রাস্তায় গাড়ি থামিয়ে যাত্রী তোলে। এই সমস্যা সমাধানে স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী, পরিবহন মালিক–শ্রমিক ও হকারদের সহযোগিতা জরুরি।’
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিনের অপরিকল্পিত ব্যবস্থাপনা ও পরিবহন সিন্ডিকেটের কারণে সাচনা বাজার কার্যত নৈরাজ্যের মধ্যে চলছে। দ্রুত কার্যকর উদ্যোগের দাবি জানিয়েছেন তারা।
ডি আর ডি
মন্তব্য করুন: