ছাতক স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীকে মেয়াদোত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ
সুনামগঞ্জের ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক রোগীকে মেয়াদোত্তীর্ণ স্যালাইন পুশ করার অভিযোগ উঠেছে। স্যালাইন দেওয়ার পর রোগীর অবস্থার অবনতি হলে তাঁকে দ্রুত সিলেটে স্থানান্তর করা হয়। তিনি বর্তমানে সিলেট জালালাবাদ রাগীব–রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
ভুক্তভোগী ত্বোহা মিয়া (২৬) ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের বাসিন্দা। স্থানীয় বাজারে ‘আল হারামাইন থান অ্যান্ড টেইলার্স’ নামের পোশাক ব্যবসার পরিচালক তিনি।
পরিবারের সদস্যদের বরাতে জানা গেছে, পেটে ব্যথা নিয়ে ত্বোহা মঙ্গলবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। চিকিৎসকের পরামর্শে দুপুর দুইটার দিকে পপি নামের এক নার্স তাঁকে স্যালাইন দেন। স্যালাইন চলার কিছুক্ষণ পর ত্বোহার ব্যথা বেড়ে যায় এবং তাঁর শারীরিক অবস্থার দ্রুত অবনতি দেখা দেয়।
এই সময় রোগীর সঙ্গে থাকা আল আমিন তাশরিফ লক্ষ্য করেন, ব্যবহৃত স্যালাইনটির মেয়াদ আগেই উত্তীর্ণ হয়েছে। সরকারি হিসেবে চিহ্নিত ওই স্যালাইনের উৎপাদন তারিখ ২০২২ সালের জুন এবং মেয়াদ শেষ হয়েছে ২০২৫ সালের ৫ মে।
ঘটনার পর আল আমিন তাশরিফ ফেসবুকে লাইভে এসে বিষয়টি তুলে ধরেন। ভিডিওটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। স্থানীয়ভাবে এ নিয়ে ক্ষোভ দেখা দিয়েছে। বুধবার হাসপাতাল কর্তৃপক্ষ ও রোগীর স্বজনদের মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে।
এ বিষয়ে ছাতক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুসরাত আরেফিন বলেন, ‘এটি গুরুতর অভিযোগ। তবে এই স্যালাইন আমাদের স্টকে নেই। কেউ ইচ্ছাকৃতভাবে এটি ব্যবহার করেছে কি না, তা খতিয়ে দেখা হবে।’ তিনি জানান, ডা. ফাতেমাতুজ জহুরাকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
ডি আর ডি
মন্তব্য করুন: