‘প্রথম সিলেট ডট কম’-এ পদোন্নতি পেলেন লতিফুর রহমান রাজু
সুনামগঞ্জের সিনিয়র সাংবাদিক লতিফুর রহমান রাজু সিলেট থেকে প্রকাশিত নিউজ পোর্টাল ‘প্রথম সিলেট ডট কম’ এর সহযোগী সম্পাদক পদে পদোন্নতি পেয়েছেন। পোর্টালটির প্রতিষ্ঠালগ্ন থেকে তিনি সিনিয়র স্টাফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বুধবার (৩ ডিসেম্বর) পোর্টাল চেয়ারম্যান এম রহমান ও সম্পাদক দেবব্রত রায় দিপন স্বাক্ষরিত অফিস আদেশে চলতি মাসের ১ ডিসেম্বর থেকে পদোন্নতি কার্যকর হয়েছে।
লতিফুর রহমান রাজু সাংবাদিকতায় হাতেখড়ি নেন ১৯৮৪ সালে। তিনি তৎকালীন সাপ্তাহিক গ্রাম সুরমা ও হবিগঞ্জ থেকে প্রকাশিত সাপ্তাহিক দৃষ্টিকোণ পত্রিকার মাধ্যমে সাংবাদিকতায় অভিজ্ঞতা অর্জন করেন। পরবর্তীতে সুনামগঞ্জ থেকে প্রকাশিত সাপ্তাহিক সুনামগঞ্জ ও অন্যান্য স্থানীয় পত্রিকায় লেখালেখি শুরু করেন। ১৯৯১ সাল থেকে দৈনিক বাংলার বাণী-এর জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। পরে দৈনিক সংবাদ এবং সিলেট থেকে প্রকাশিত দৈনিক শ্যামল সিলেট-এ জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন অব্যাহত রাখেন।
তিনি দীর্ঘদিন ধরে সাংবাদিক সংগঠন ও প্রেসক্লাবে সক্রিয়। তিনি সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাতা ও তিনবারের সভাপতি এবং বর্তমানে সুনামগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি। এছাড়া তিনি রেডক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য, জেলা শিল্পকলার আজীবন সদস্য ও সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাধারণ সদস্য।
লতিফুর রহমান রাজু সুনামগঞ্জের তেঘরিয়া এলাকায় সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মরহুম হাবিবুর রহমান ও মাতা মরহুমা সৈয়দা রানু বেগম। পদোন্নতির পর তিনি সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।
ডি আর ডি
মন্তব্য করুন: