তাহিরপুরে মোবাইল কোর্ট অভিযানে পুড়ানো হলো সাড়ে চার লাখ টাকার কারেন্ট জাল
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বিল ও নদীতে অবৈধভাবে মাছ নিধন বন্ধে ব্যাপক মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে প্রশাসন। শুক্রবার (৫ ডিসেম্বর) রাত ৩টা ৩০ মিনিট থেকে সকাল ১১টা পর্যন্ত বৌলাই নদী, পাটলাই নদী, বোয়ালমারা, গোলাবাড়িয়া ক্যাম্প ও টাঙ্গুয়ার হাওরের বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।
মোবাইল কোর্টে প্রায় ৫ হাজার মিটার কারেন্ট জাল, ২ হাজার মিটার বেড়জাল এবং ৩ হাজার ৫০০ মিটার চটজাল জব্দ করে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। জব্দকৃত জালের আনুমানিক মূল্য প্রায় ৪ লাখ ৫০ হাজার টাকা।
অভিযানে নেতৃত্ব দেন তাহিরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি), সঙ্গে ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা, তাহিরপুর থানা পুলিশ, আনসার সদস্য, টাঙ্গুয়ার হাওর কেন্দ্রীয় সমবায় সমিতি এবং ভূমি ও মৎস্য বিভাগের স্টাফরা।
সহকারী কমিশনার (ভূমি) শাহরুখ আলম শান্তনু তার অফিসিয়াল ফেসবুক পেজে অভিযান পরিচালনার সত্যতা নিশ্চিত করে জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এ রহমান
মন্তব্য করুন: