চিকিৎসা ব্যয়ে অসহায় পরিবার
ক্যানসারে আক্রান্ত সুনামগঞ্জের স্বপ্না আচার্য্যের জীবন সংকটে
সুনামগঞ্জ পৌরশহরের পশ্চিম তেঘরিয়া এলাকার গৃহবধূ স্বপ্না আচার্য্য (৪২) ক্যানসারে আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সাথে লড়ছেন। কিন্তু তাঁর চিকিৎসার ব্যয় বহন করতে না পেরে বিপদে পড়েছেন স্বপ্না আচার্য্যের পরিবার।
পরিবার সূত্রে জানা যায়, কয়েক মাস আগে গলায় ব্যথা অনুভব করলে প্রথমে তা তেমন গুরুত্ব দেওয়া হয়নি। পরে খেতে ও কথা বলতে ব্যথা ধীরে ধীরে বেড়ে গেলে চিকিৎসার জন্য সিলেট ও ময়মনসিংহে নেওয়া হয়। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে বায়োপসি পরীক্ষায় তাঁর গলার ডান পাশে ক্যানসার ধরা পড়ে।
এ বিষয়ে নাক, কান ও গলার বিশেষজ্ঞ ডা. মো. আখতার-উজ-জামান আকন্দ জানান, রোগ দীর্ঘদিন সঠিকভাবে চিকিৎসা না করানোর ফলে ক্যানসার ছড়িয়ে পড়েছে। বর্তমানে কেমোথেরাপি দেওয়া হলেও চিকিৎসার ব্যয় অত্যন্ত বেশি।
স্বপ্নার স্বামী নেপাল আচার্য্য পেশায় পান বিক্রেতা। শহরের বাসস্টেশন এলাকায় একটি ছোট দোকান থেকে পাওয়া সামান্য আয় দিয়েই চলে পাঁচজনের সংসার। তিনি বলেন, “স্ত্রীর চিকিৎসার জন্য প্রায় সাত থেকে আট লাখ টাকা প্রয়োজন। পান বিক্রি করে সংসারের খরচই ঠিকমতো চলে না। চিকিৎসার খরচ জোগাড় করা সম্ভব নয়। সবাই যদি একটু সাহায্য করতেন, তবে চিকিৎসা চালিয়ে যেতে পারতাম।”
স্বপ্নার তিন মেয়ে ও এক ছেলে। দুইজনের বিয়ে হয়েছে। ছোট মেয়ে তৃতীয় শ্রেণিতে পড়ে এবং ছেলে বাবার দোকানে সময় কাটায়।
পরিবার ও প্রতিবেশীরা জানান, অর্থের অভাবে চিকিৎসা বন্ধ হয়ে যেতে পারে— এমন আশঙ্কায় দুশ্চিন্তায় রয়েছেন সবাই। স্বপ্না আচার্য্যের পরিবার সমাজের সহমর্মিতা ও আর্থিক সহযোগিতা কামনা করেছে।
এ রহমান
মন্তব্য করুন: