সুনামগঞ্জ-৪ আসনে স্বতন্ত্র নির্বাচন করবেন বিএনপির মনোনয়ন বঞ্চিত নেতা দেওয়ান জয়নুল জাকেরীন
সুনামগঞ্জ-৪ (সদর- বিশ্বম্ভরপুর) আসনে বিএনপির দলীয় মনোনয়ন না পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরীন।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাতে পৌর শহরের সাহেববাড়ি ঘাট এলাকার নিজ বাসভবনে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন।
দলের সূত্র জানায়, এ আসনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন দেওয়ান জয়নুল জাকেরীন। গত কয়েক মাস ধরে মাঠে প্রচারণাও চালান তিনি। কিন্তু গত ৪ ডিসেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলকে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করলে মনোনয়ন বঞ্চিত হন জাকেরীন।
মনোনয়ন ঘোষণার পর অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল জয়নুল জাকেরীনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে দলীয় প্রতীককে বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তবে তা মেনে নেননি জাকেরীন। পরে নিজের বাসভবনে মতবিনিময় সভায় তিনি স্বতন্ত্র প্রার্থী হওয়ার সিদ্ধান্ত জানান।
সভায় তিনি বলেন,“আমি সুনামগঞ্জ পৌরসভার চেয়ারম্যান ছিলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলাম। এলাকায় যে উন্নয়ন হয়েছে তার বড় অংশই আমার হাত ধরে। শেষ বয়স পর্যন্ত জনগণের সঙ্গে থাকতে চাই বলেই স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি।”
অন্যদিকে তার এ সিদ্ধান্তে নেতাকর্মীদের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক বিএনপি নেতা বলেন, “দলের কঠিন সময়ে তাকে মাঠে দেখা যায়নি। কোনো মামলা, কোনো আন্দোলনে তার ভূমিকা নেই। এখন যখন দলের সু-সময়, তখন স্বতন্ত্র প্রার্থী হওয়া দায়িত্বহীনতার পরিচায়ক।”
এ বিষয়ে সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও সুনামগঞ্জ-৫ আসনের দলীয় প্রার্থী কলিম উদ্দিন আহমেদ মিলন বলেন,“স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণার বিষয়টি আমার জানা নেই। তবে দলের বাইরে গিয়ে নির্বাচন করার সুযোগ নেই। কেউ তা করলে দল অবশ্যই ব্যবস্থা নেবে।”
এ রহমান
মন্তব্য করুন: