শান্তিগঞ্জে ফসল রক্ষা বাঁধ নির্মাণকাজের উদ্বোধন
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় হাওরের ফসল রক্ষা বাঁধ মেরামত ও সংস্কারকাজের উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তত্ত্বাবধানে কাবিটা স্কিম প্রণয়ন ও বাস্তবায়ন মনিটরিং কমিটির উদ্যোগে ২০২৫–২৬ অর্থবছরের কার্যক্রমের অংশ হিসেবে এসব কাজ শুরু হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের খাই হাওরের সদরপুর ক্লোজার এলাকায় বাঁধ নির্মাণকাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও কাবিটা স্কিম প্রণয়ন ও বাস্তবায়ন কমিটির সভাপতি মোহাম্মদ শাহজাহান।
উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও মোহাম্মদ শাহজাহান বলেন, সরকারের নীতিমালা অনুসরণ করে নির্ধারিত সময়ের মধ্যে হাওরের ফসল রক্ষা বাঁধের কাজ সম্পন্ন করা হবে। কাজের গুণগত মান নিশ্চিত করতে নিয়মিত তদারকি করা হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাবিটা স্কিম প্রণয়ন ও বাস্তবায়ন মনিটরিং কমিটির সদস্যসচিব ও পাউবোর উপসহকারী প্রকৌশলী মো. মোহন মিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবীব, উপজেলা প্রকল্প কর্মকর্তা জাহাঙ্গীর আলম, শান্তিগঞ্জ থানার উপপরিদর্শক মাসুদ আহমেদসহ স্থানীয় জনপ্রতিনিধি, হাওর বাঁচাও আন্দোলনের নেতৃবৃন্দ, সাংবাদিক এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা।
পাউবো সূত্রে জানা গেছে, হাওরের ফসল রক্ষা বাঁধ মেরামত ও সংস্কারের লক্ষ্যে শান্তিগঞ্জ উপজেলায় মোট ৪৮টি প্রকল্পের প্রস্তাব জেলা কমিটির অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। এসব প্রকল্পে প্রস্তাবিত ব্যয় ধরা হয়েছে ৮ কোটি ৭০ লাখ টাকা। এর মধ্যে একটি প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) চূড়ান্ত করা হয়েছে, যার মাধ্যমে সোমবার আনুষ্ঠানিকভাবে বাঁধ নির্মাণকাজ শুরু হয়।
ফরহাদ আহমেদ ফয়সাল
মন্তব্য করুন: