৭০০ একর জমি অনাবাদি
সুনামগঞ্জের খরচার হাওরে পানি সংকট
সুনামগঞ্জের সদর উপজেলার গৌরারং ইউনিয়নের খরচার হাওরে পানি সংকট ও জমি অনাবাদি হওয়ার প্রতিবাদে স্থানীয় কৃষকরা বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে মানববন্ধন করেছেন।
মানববন্ধনে বক্তারা বলেন, হাওরের প্রায় ৭০০ একর জমি পর্যাপ্ত পানি না থাকার কারণে অনাবাদি হয়ে পড়েছে এবং কৃষকরা সেখানে কৃষিকাজ করতে পারছেন না। তারা অভিযোগ করেন, খাসিয়াখারা খাল থেকে পানি উত্তোলনের জন্য বাঁধ দেওয়ার চেষ্টা করলে হাওরের ইজারাদার কৃষকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের ও হয়রানি করছেন। পানি না থাকায় জমি চাষাবাদ অসম্ভব হয়ে পড়েছে।
কৃষকরা প্রশাসনের কাছে পানি সেচের স্থায়ী ব্যবস্থা গ্রহণ, ইজারাদার কর্তৃক দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও হাওরের সীমানা নির্ধারণ করে কৃষকদের অধিকার রক্ষা করার দাবি জানান ।
মানববন্ধনে সভাপতিত্ব করেন সাবেক ইউপি সদস্য আলী আহমদ এবং সঞ্চালনা করেন ছাত্রনেতা ইয়াহিয়া হাসান। বক্তব্য রাখেন স্থানীয় শালিসী ব্যক্তিত্ব আব্দুল হেকিম, নুরুল আমিন, জাহিদ হোসেন, মঈনুল হক, জাহাঙ্গীর আলম, আবুল কাশেম প্রমুখ।
কৃষকরা আশঙ্কা প্রকাশ করেন, দ্রুত পানি সরবরাহ ও সমস্যার সমাধান না হলে বিপুল পরিমাণ জমি অনাবাদি থেকেই যাবে। তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ রহমান
মন্তব্য করুন: