পুলিশের অভিযান
সুনামগঞ্জে ৩৬ লাখ টাকার ভারতীয় নাসির বিড়ি জব্দ
একদিনের ব্যবধানে সুনামগঞ্জের সদর উপজেলার জয়নগর বাজারের তিনটি গোদাম থেকে বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ ভারতীয় নাসির বিড়ি জব্দ করেছে সদর মডেল থানা পুলিশ।
বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে এসব অবৈধ বিড়ি জব্দ করা হয়। অভিযানের নেতৃত্ব দেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন সেখ। অভিযানে অংশ নেন পরিদর্শক (তদন্ত) আরিফ উল্লাহ, উপ-পরিদর্শক অভিজিত ভৌমিক, উপ-পরিদর্শক জহির আহমেদসহ পুলিশের একটি দল।
পুলিশ জানায়, অভিযানে মোট ৫ লাখ ৪ হাজার পিস ভারতীয় নাসির বিড়ি জব্দ করা হয়েছে, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৩৬ লাখ টাকা।
সদর মডেল থানার ওসি মো. রতন সেখ বলেন, “চোরাকারবারির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে দুইদিনে একই এলাকা থেকে ভারতীয় অবৈধ পণ্য জব্দ করা হয়েছে। পাশাপাশি অন্যান্য এলাকাতেও অবৈধ ভারতীয় পণ্যের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে।”
তিনি আরও বলেন, “জয়নগর বাজারের সাধারণ মানুষ যেভাবে পুলিশকে সহযোগিতা করেছে, তা প্রশংসনীয়। সবাই এভাবে এগিয়ে এলে চোরাচালান প্রতিরোধ করা সম্ভব হবে।”
পুলিশ জানিয়েছে, চোরাকারবারিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং এ ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।
এ রহমান
মন্তব্য করুন: