সুনামগঞ্জের দরগাপাশা ইউনিয়নে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নে চক্ষু রোগে আক্রান্ত সাধারণ মানুষের জন্য একটি ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ ডিসেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত দরগাপাশা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই ক্যাম্পের আয়োজন করা হয়। দরগাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছুফি মিয়ার উদ্যোগে আয়োজিত ক্যাম্পে নারী-পুরুষ ও বয়স্কসহ বিপুলসংখ্যক মানুষ বিনা মূল্যে চক্ষু চিকিৎসাসেবা নেন।
ক্যাম্পে আগত রোগীদের চোখ পরীক্ষা শেষে প্রয়োজন অনুযায়ী বিনা মূল্যে চশমা ও ওষুধ বিতরণ করা হয়। এ ছাড়া যেসব রোগীর চক্ষু অপারেশনের প্রয়োজন রয়েছে, তাঁদের সম্পূর্ণ বিনা খরচে অপারেশনের জন্য বি.এন.এস.বি চক্ষু হাসপাতাল, মৌলভীবাজারে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।
চিকিৎসা ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক দুইবারের চেয়ারম্যান ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফারুক আহমদ। তিনি বলেন, মানুষের সেবা করার চেয়ে বড় কাজ আর নেই। চোখের আলো মানুষের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। এই আলো ফিরিয়ে দিতে নেওয়া উদ্যোগ শান্তিগঞ্জ এলাকার মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ফারুক আহমদ আরও বলেন, সঠিক চিকিৎসা পেলে একজন মানুষ নতুনভাবে জীবন শুরু করতে পারে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ, সচেতন ও মানবিক সমাজ গড়ে তুলতে এ ধরনের স্বাস্থ্যসেবামূলক উদ্যোগের বিস্তার জরুরি।
দরগাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছুফি মিয়া বলেন, চক্ষু রোগে আক্রান্ত অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক দায়িত্ব। সাধারণ মানুষ যেন বিনা খরচে চশমা, ওষুধ ও অপারেশনের সুবিধা পায়—এই লক্ষ্যেই এই ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়েছে। তিনি এ ধরনের মানবিক উদ্যোগে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
ক্যাম্প চলাকালে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মী, ইউনিয়ন পরিষদের সদস্য, জনপ্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সার্বিক ব্যবস্থাপনায় সহযোগিতা করে বি.এন.এস.বি চক্ষু হাসপাতাল, মৌলভীবাজার।
ফরহাদ আহমেদ ফয়সাল
মন্তব্য করুন: