দোয়ারাবাজারে ৬০ বোতল বিদেশি মদসহ একজন গ্রেপ্তার
Led Bottom Ad

দোয়ারাবাজারে ৬০ বোতল বিদেশি মদসহ একজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি, দোয়ারাবাজার

২০/১২/২০২৫ ২০:৩৪:৫৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় ৬০ বোতল বিদেশি মদসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯।


র‍্যাব-৯ সূত্রে জানা যায়, শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে র‍্যাব-৯-এর সিপিসি-৩, সুনামগঞ্জের একটি আভিযানিক দল দোয়ারাবাজার থানাধীন নরসিংপুর বাজার এলাকায় টহল ডিউটিতে ছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, নরসিংপুর ইউনিয়নের দ্বিনেরটুক এলাকায় মাদকদ্রব্য কেনাবেচার উদ্দেশ্যে কয়েকজন অবস্থান করছে।


খবর পেয়ে র‍্যাবের দলটি দুপুর আনুমানিক ১২টা ২০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছালে একজন ব্যক্তি পালানোর চেষ্টা করেন। র‍্যাব সদস্যরা তাকে আটক করেন। পরে জিজ্ঞাসাবাদে তিনি জানান, তাঁর বসতবাড়ির উঠানের পশ্চিম পাশে খড়ের গাদার ভেতরে বিদেশি মদ লুকিয়ে রাখা রয়েছে।


র‍্যাব সদস্যরা খড়ের গাদা তল্লাশি করে দুটি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ৬০ বোতল বিদেশি মদ উদ্ধার করেন। এ সময় ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তার হওয়া ব্যক্তি হলেন মো. আমীর (৪৮)। তাঁর বাড়ি দোয়ারাবাজার উপজেলার দ্বিনেরটুক এলাকায়। জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, সীমান্ত এলাকা থেকে বিদেশি মদ সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে তিনি সেগুলো নিজের হেফাজতে রেখেছিলেন।


র‍্যাব জানায়, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি নিয়ে তাঁকে ও জব্দ করা মাদক দোয়ারাবাজার থানায় হস্তান্তর করা হয়েছে।


র‍্যাব আরও জানায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

মাসুদ রানা সোহাগ

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad