সুনামগঞ্জে ইজিবাইকের ভাড়া নির্ধারণ নিয়ে সংঘর্ষে ৩০ জন আহত
Led Bottom Ad

সুনামগঞ্জে ইজিবাইকের ভাড়া নির্ধারণ নিয়ে সংঘর্ষে ৩০ জন আহত

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

২০/১২/২০২৫ ২১:০৪:০১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় ব্যাটারিচালিত ইজিবাইকের ভাড়া নির্ধারণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩০ জন আহত হয়েছেন। শনিবার (২০ ডিসেম্বর) উপজেলার চিলাউড়া–হলদিপুর ইউনিয়নের স্বজনশ্রী ও বাউধরন গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষ হয়। আহতদের মধ্যে ১২ জনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার রানীগঞ্জ পশ্চিমবাজার এলাকায় রানীগঞ্জ–বাউধরন সড়কে চলাচলকারী ব্যাটারিচালিত ইজিবাইকের ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। প্রায় ১৫ দিন আগে স্ট্যান্ড সংশ্লিষ্টরা ইজিবাইকের ভাড়া ৩০ টাকা থেকে বাড়িয়ে ৪০ টাকা নির্ধারণ করেন। এতে বাউধরন ও স্বজনশ্রী গ্রামের লোকজনের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।

পরবর্তীতে চিলাউড়া–হলদিপুর ইউনিয়ন পরিষদের সদস্য ও বাউধরন গ্রামের বাসিন্দা সালেহ উদ্দিন আহমদ ভাড়া পুনরায় ৩০ টাকা নির্ধারণ করেন। তবে এই সিদ্ধান্ত নিয়েও উভয় গ্রামের ইজিবাইকচালকদের মধ্যে নতুন করে বিরোধ দেখা দেয়। এরই জেরে শুক্রবার বিকেলে বাউধরন গ্রামের মুজিব মার্কেট এলাকার গাড়ি স্ট্যান্ড থেকে স্বজনশ্রী গ্রামের ইজিবাইকগুলো বের করে দেওয়া হয়। এ ঘটনাকে কেন্দ্র করে শনিবার সকালে দুই পক্ষের মধ্যে প্রথমে কথা–কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক বদরুদ্দোজা জানান, আহত ৩০ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্যে গুরুতর আহত ১২ জনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় এখনো কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad