আচরণবিধি অমান্য করে প্রচার কার্যক্রম চালানোর অভিযোগ
দোয়ারাবাজারে নির্বাচনী প্রচারসামগ্রী অপসারণে প্রশাসনের অভিযান
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার ৪৮ ঘণ্টা পার হলেও নির্বাচনী আচরণবিধি অমান্য করে প্রচার কার্যক্রম চালানোর অভিযোগে সুনামগঞ্জ–৫ (ছাতক–দোয়ারাবাজার) আসনের দোয়ারাবাজার উপজেলায় অবৈধ নির্বাচনী প্রচারসামগ্রী অপসারণে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।
রোববার (২১ ডিসেম্বর) বিকেলে উপজেলা পরিষদ চত্বর, দোয়ারাবাজার বাজার, বাংলাবাজার ইউনিয়নসহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুশান্ত কুমার সিংহ। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও গ্রাম পুলিশের সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।
নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী তফসিল ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যে প্রার্থী, তাদের সমর্থক ও দলীয় নেতাকর্মীদের সব ধরনের পোস্টার, ব্যানার ও ফেস্টুন অপসারণ করার কথা থাকলেও দোয়ারাবাজার উপজেলার বিভিন্ন স্থানে এখনও এসব প্রচারসামগ্রী ঝুলতে দেখা যায়। যদিও সুনামগঞ্জ–৫ আসনের দু-একজন প্রার্থী স্বেচ্ছায় তাদের প্রচারসামগ্রী সরিয়ে নেন। এর আগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে একাধিকবার অবৈধ প্রচারসামগ্রী অপসারণের নির্দেশ দেওয়া হলেও তা পুরোপুরি কার্যকর না হওয়ায় প্রশাসন সরাসরি মাঠে নেমে অপসারণ কার্যক্রম শুরু করে।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুশান্ত কুমার সিংহ বলেন, “নির্বাচনী আচরণবিধি অনুযায়ী উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অবৈধ ব্যানার, পোস্টার ও ফেস্টুন অপসারণ করা হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার সব এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
এ রহমান
মন্তব্য করুন: