দোয়ারাবাজারে ফসলি জমির মাটি বিক্রির দায়ে ৫০ হাজার টাকা জরিমানা
Led Bottom Ad

ফলোআপ

দোয়ারাবাজারে ফসলি জমির মাটি বিক্রির দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

মোঃ মাসুদ রানা সোহাগ, নিজস্ব প্রতিনিধি, দোয়ারাবাজার

২২/১২/২০২৫ ১০:৫১:৩৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের দোয়ারাবাজারে অবৈধভাবে ফসলি জমির উপরিস্তরের মাটি বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

রোববার (২১ ডিসেম্বর) বিকেলে উপজেলার সুরমা ইউনিয়নের শান্তিপুর হাওর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন দোয়ারাবাজার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুশান্ত কুমার সিংহ।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, শান্তিপুর গ্রাম সংলগ্ন এলাকায় অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালানো হয়। এ সময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত ২০২৩) অনুযায়ী বাগড়া গ্রামের আব্দুল করিমের ছেলে আকলছ মিয়া (৩৫)-কে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি তাকে অবিলম্বে অবৈধ মাটি উত্তোলন কার্যক্রম বন্ধের নির্দেশনা দেওয়া হয়।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) সুশান্ত কুমার সিংহ বলেন, “ফসলি জমির মাটি বিক্রির বিষয়ে তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গেই অভিযান পরিচালনা করা হয়েছে। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বালু ও মাটি উত্তোলন ও বিক্রির কোনো সুযোগ নেই। এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।”


উল্লেখ্য, সম্প্রতি অনলাইন নিউজ পোর্টাল প্রথম সিলেট-এ “দোয়ারাবাজারে ফসলি জমির মাটি বিক্রির হিড়িক” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি প্রকাশের পরপরই বিষয়টি আমলে নিয়ে উপজেলা প্রশাসন এই অভিযান পরিচালনা করে।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad