সুনামগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন কয়ছর এম আহমেদ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর–শান্তিগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী কয়ছর এম আহমেদ মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
সোমবার (২২ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে তিনি শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শাহজাহানের কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
মনোনয়ন ফরম সংগ্রহ শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে সংক্ষিপ্ত বক্তব্যে কয়ছর এম আহমেদ বলেন, নির্বাচন কমিশন ও দলের নির্দেশনা মেনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। তিনি শান্তিগঞ্জ ও জগন্নাথপুরের সর্বস্তরের মানুষের দোয়া ও সহযোগিতা কামনা করেন।
তিনি আরও বলেন, দীর্ঘদিন পর একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা তৈরি হয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য হবে—এমনটাই তিনি আশা প্রকাশ করেন।
বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, দলীয় শৃঙ্খলা ও আইন মেনে কেন্দ্রীয় নেতৃত্বের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে। পাশাপাশি প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফারুক আহমেদ, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনছার উদ্দিন, মইন উদ্দিন সুহেলসহ বিএনপির স্থানীয় নেতাকর্মীরা।
ফরহাদ আহমেদ ফয়সাল
মন্তব্য করুন: