সুনামগঞ্জ সদর হাসপাতালে আড়াই কোটি টাকার মেয়াদোত্তীর্ণ ওষুধ: তদন্ত প্রতিবেদন জমা
Led Bottom Ad

তদন্ত প্রতিবেদন পাঠানো হবে স্বাস্থ্য মন্ত্রণালয়ে

সুনামগঞ্জ সদর হাসপাতালে আড়াই কোটি টাকার মেয়াদোত্তীর্ণ ওষুধ: তদন্ত প্রতিবেদন জমা

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

২৩/১২/২০২৫ ১৩:১৬:১৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালের গুদামে বিপুল পরিমাণ সরকারি ওষুধ মেয়াদোত্তীর্ণ হওয়ার ঘটনায় গঠিত তদন্ত কমিটি তাদের প্রতিবেদন জমা দিয়েছে। প্রায় আড়াই কোটি টাকা মূল্যের ওষুধ নষ্ট হওয়ার কারণ চিহ্নিত করে সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার কাছে প্রতিবেদন হস্তান্তর করা হয়।

তদন্ত কমিটির আহ্বায়ক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুনজিত কুমার চন্দ জেলা প্রশাসকের কাছে প্রতিবেদন জমা দেন। এ সময় কমিটির সদস্য সচিব ও ডেপুটি সিভিল সার্জন ডা. শুকদেব সাহা এবং পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) চাকমা চাকমা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, চলতি বছরের সেপ্টেম্বর মাসে গণমাধ্যমে জেলা সদর হাসপাতালের গুদামে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ ও প্যাথলজি সামগ্রী পড়ে থাকার খবর প্রকাশ পেলে জেলাজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে গত ৩ সেপ্টেম্বর জেলা প্রশাসন তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে।

তদন্তে জানা যায়, গত বছরের শুরুতে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান মেয়াদোত্তীর্ণ এসব ওষুধ হাসপাতালে সরবরাহ করে। তৎকালীন হাসপাতাল তত্ত্বাবধায়কের মৌখিক নির্দেশে স্টোরকিপার সুলেমান আহমদ সেগুলো গুদাম ও বারান্দায় সংরক্ষণ করেন। পরে দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মো. মাহবুবুর রহমান সরবরাহের কোনো বৈধ কার্যাদেশ না থাকায় বিল পরিশোধ না করায় ওষুধগুলো অব্যবহৃত অবস্থায় পড়ে থাকে এবং একপর্যায়ে মেয়াদোত্তীর্ণ হয়ে যায়।

জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া জানান, তদন্ত প্রতিবেদন স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠানো হবে। মন্ত্রণালয় প্রতিবেদন পর্যালোচনা করে পরবর্তী আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করবে।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad