সুনামগঞ্জ–৫ আসনে জাপা প্রার্থী জাহাঙ্গীর আলমের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ–৫ (ছাতক ও দোয়ারাবাজার) সংসদীয় আসনে জাতীয় পার্টির (জাপা) মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মো. জাহাঙ্গীর আলমের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে দোয়ারাবাজার উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন জেলা জাতীয় পার্টির সদস্য ও উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক নূর হোসেন মোহাম্মদ আব্দুল্লাহ এবং উপজেলা যুব সংহতির সাধারণ সম্পাদক আবুল কালাম।
মনোনয়নপত্র সংগ্রহের সময় উপজেলা জাতীয় পার্টি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ উপলক্ষে দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক নূর হোসেন মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, ‘দলীয় সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারিত প্রার্থীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। আমরা আশাবাদী, সুনামগঞ্জ–৫ আসনের জনগণ জাতীয় পার্টির প্রার্থীকে সমর্থন জানাবে এবং আগামীর রাজনীতিতে এই আসনে জাতীয় পার্টি শক্ত অবস্থান গড়ে তুলবে।’
উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ–৫ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে।
এ রহমান
মন্তব্য করুন: