সিলেটে যাত্রাবিরতি করবেন তারেক রহমান
Led Bottom Ad

সিলেটে যাত্রাবিরতি করবেন তারেক রহমান

প্রথম সিলেট প্রতিবেদন

২৪/১২/২০২৫ ২০:১৩:৪৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

বৃহস্পতিবার দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি যুক্তরাজ্যের লন্ডন থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন। পথে ফ্লাইটটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রাবিরতি করবে।


দলীয় সূত্র জানায়, বুধবার যুক্তরাজ্যের স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে (বাংলাদেশ সময় রাত সোয়া ১২টা) লন্ডনের হিথরো বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের বিজি–২০২ ফ্লাইটে রওনা হবেন তারেক রহমান। বৃহস্পতিবার সকাল ১০টায় ফ্লাইটটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। সেখানে প্রায় আধাঘণ্টা যাত্রাবিরতি শেষে সকাল ১১টা ৫৫ মিনিটে ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে।


তারেক রহমানের সঙ্গে দেশে ফিরছেন তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান। তবে নিরাপত্তার স্বার্থে সিলেটে তিনি বিমান থেকে নামবেন না; সরাসরি ঢাকায় যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ কারণে সিলেট বিমানবন্দর এলাকায় নেতাকর্মীদের উপস্থিত না থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।


তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে বিএনপি নেতাকর্মীদের মধ্যে উৎসাহ দেখা গেছে। দলীয় সূত্র জানায়, অনেক নেতাকর্মী ইতোমধ্যে ঢাকায় চলে গেছেন। বুধবার রাতে সিলেট থেকে প্রায় ২০০টি বাসে বিপুলসংখ্যক নেতাকর্মী ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে।


এদিকে তারেক রহমানের যাত্রাবিরতি উপলক্ষে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সিলেট মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যম কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, বিমানবন্দর এলাকায় গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে এবং বৃহস্পতিবার সেখানে কোনো ধরনের লোকসমাগমের অনুমতি থাকবে না।


সিলেট ওসমানী বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ বলেন, আন্তর্জাতিক ফ্লাইট অবতরণের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা গ্রহণ করা হয়। এবারও প্রাপ্ত নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।


অন্যদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সিলেট ও আশপাশের জেলার নেতাকর্মীদের বিমানবন্দরে না যাওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, সংগঠনের শৃঙ্খলা ও নিরাপত্তার স্বার্থে নেতাকর্মীদের এ নির্দেশনা মানতে হবে।


দলীয় সূত্র জানায়, ঢাকায় পৌঁছে তারেক রহমান প্রথমে তাঁর আগমন উপলক্ষে নেওয়া প্রস্তুতি প্রত্যক্ষ করবেন। পরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়ে তাঁর মা, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করবেন।

তাহির আহমদ

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad