গণমাধ্যম ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন
প্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ, বরেণ্য সাংবাদিক নুরুল কবিরকে হেনস্তা এবং একাধিক সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টায় শহরের আলফাত স্কয়ারে সুনামগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি পঙ্কজ কান্তি দে’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এ আর জুয়েল-এর সঞ্চালনায় মানববন্ধনে সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকরা অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন সুনামগঞ্জ সিপিবির সাবেক সভাপতি অ্যাডভোকেট এনাম আহমদ, সুনামগঞ্জ এনসিপির আহ্বায়ক দেওয়ান সাজাউর রাজা চৌধুরী, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক অ্যাডভোকেট খলিল রহমান, জেলা খেলাঘর আসরের সাধারণ সম্পাদক রাজু আহমদ এবং এনটিভির নিজস্ব প্রতিনিধি দেওয়ান গিয়াস চৌধুরী প্রমুখ।
বক্তারা বলেন, গণমাধ্যম ও সংস্কৃতি জাতির বিবেক। এসব প্রতিষ্ঠানের ওপর হামলা গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। তারা এ ধরনের সহিংস ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
বক্তারা আরও বলেন, ভিন্নমত দমনে সহিংসতার পথ কখনোই রাষ্ট্র ও সমাজের জন্য কল্যাণকর হতে পারে না। গণতান্ত্রিক পরিবেশ রক্ষায় গণমাধ্যম ও সাংস্কৃতিক পরিসরের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান তারা।
এ রহমান
মন্তব্য করুন: