দিরাই-শাল্লা আসনে মনোনয়নপত্র নিলেন শিশির মনির
সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আজ শুক্রবার বেলা ১১টায় দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সনজীব সরকারের কার্যালয় থেকে তিনি এই মনোনয়নপত্র সংগ্রহ করেন।
মনোনয়ন ফরম সংগ্রহের সময় অ্যাডভোকেট শিশির মনিরের সাথে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশা ও ধর্মের প্রতিনিধিদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে। রাজনীতি ও সমাজ সচেতন মহলের মতে, সমাজের অবহেলিত ও সর্বস্তরের মানুষকে সাথে নিয়ে তার এই অংশগ্রহণ নির্বাচনী এলাকায় এক ব্যতিক্রমী বার্তা পৌঁছে দিয়েছে।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন প্রবীণ শিক্ষক পুলিন বিহারী দাস, বীর মুক্তিযোদ্ধা পান্ডব চন্দ্র দাস এবং দিরাই উপজেলা জামায়াতের আমির আব্দুল কদ্দুস। সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধন হিসেবে আরও উপস্থিত ছিলেন পুরোহিত আশীষ চক্রবর্তী ও কৃষক সুধাংশু বিশ্বাস। নারী প্রতিনিধিদের মধ্যে রাবেয়া মনির ও সুষমা পাল এবং বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের প্রতিনিধি হিসেবে শারীরিক প্রতিবন্ধী সমরাজ মিয়াও এসময় উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র সংগ্রহ শেষে অ্যাডভোকেট শিশির মনির সাংবাদিকদের জানান, দিরাই-শাল্লার গণমানুষের অধিকার রক্ষা এবং এলাকার টেকসই উন্নয়নের লক্ষ্যেই তিনি নির্বাচনে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি দল-মত নির্বিশেষে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।
এলাকার সাধারণ ভোটারদের মধ্যে অ্যাডভোকেট শিশির মনিরের এই অংশগ্রহণ নিয়ে ব্যাপক কৌতূহল ও উদ্দীপনা দেখা দিয়েছে। বিশেষ করে সমাজের প্রান্তিক মানুষদের সাথে নিয়ে ফরম সংগ্রহের বিষয়টি স্থানীয় রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
প্রীতম দাস
মন্তব্য করুন: